ট্রাম্প, পুতিন ও শি-র বৈঠক ইউরোপকে কেন উদ্বিগ্ন করছে?
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি, ইউরোপে উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে। এই বৈঠককে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বকে প্রভাব বলয়ে ভাগ করার প্রক্রিয়া হিসেবেও দেখছেন কেউ কেউ। চৌঠা নভেম্বর মস্কোর রেড স্কয়ারের মানেজে একটি প্রদর্শনীতে একদল স্কুলশিক্ষার্থীকে সঙ্গে নিয়ে, ১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে ইয়াল্টা সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি.
রুজভেল্ট এবং সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের ভাস্কর্যের সামনে থামেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন শিশুদের বলেন, "এরা ছিলেন তিনটি প্রধান শক্তির নেতা, যারা যুদ্ধের পর বিশ্ব কীভাবে সংগঠিত হওয়া উচিত তা নিয়ে আলোচনা করতে একত্র হয়েছিলেন।" পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে বৈঠকটি ১৮ থেকে ১৯শে নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যখন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক শীর্ষ সম্মেলনের জন্য তিনজনই শেনজেনে থাকবেন।
তিন নেতার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস। অক্টোবরের মাঝামাঝি সময়ে, এই ধরনের একটি বৈঠকের জন্য ক্রেমলিনের প্রস্তাবের খবরটি সামনে আসার পর থেকেই বিষয়টি ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেনে উদ্বেগ সৃষ্টি করে। এই বৈঠক আয়োজনের আলোচনা, অনেকের মনে কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত রুশ জারদের (রাশিয়ার রাজা বা সম্রাটদের 'জার' বলা হতো) সাবেক বাসস্থান ইয়াল্টায় হওয়া হিটলার-বিরোধী জোটের নেতাদের বৈঠকের কথা মনে করিয়ে দেয়।
জার্মানির পরাজয়ের পর স্টালিনকে জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে রাজি করাতে সক্ষম হয়েছিলেন রুজভেল্ট ও চার্চিল।
মতামত দিন