ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ

সচেতনতা থেকে সম্মিলিত উদ্যোগ—এই স্লোগান সামনে রেখেই ১৪ নভেম্বর পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬। এ বছরে দিবসটির প্রতিপাদ্য বা থিম হলো—‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ বা আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস (Early Action on Diabete...

সচেতনতা থেকে সম্মিলিত উদ্যোগ—এই স্লোগান সামনে রেখেই ১৪ নভেম্বর পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬। এ বছরে দিবসটির প্রতিপাদ্য বা থিম হলো—‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ বা আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস (Early Action on Diabetes)।’ বিশ্বজুড়ে ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি রোধ...

সচেতনতা থেকে সম্মিলিত উদ্যোগ—এই স্লোগান সামনে রেখেই ১৪ নভেম্বর পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬। এ বছরে দিবসটির প্রতিপাদ্য বা থিম হলো—‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ বা আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস (Early Action on Diabetes)। ’ বিশ্বজুড়ে ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি রোধে দ্রুত রোগ নির্ণয়, সময়মতো সচেতনতা এবং জীবনযাত্রায় পরিবর্তন আনার ওপর এবার সর্বাধিক জোর দেওয়া হয়েছে।

বর্তমান সময়ে ডায়াবেটিস শুধু কোনো একক ব্যক্তির স্বাস্থ্য সমস্যা নয়, এটি আমাদের পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ স্বাস্থ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাংলাদেশে ডায়াবেটিসের রোগীর সংখ্যা এখন আশঙ্কাজনক হারে বাড়ছে। এই মহামারি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এখন পরিবার ও সমাজকে একযোগে এগিয়ে আসতে হবে।

আমাদের দেশের আরবান বা শহুরে এবং রুরাল বা গ্রামীণ—উভয় পরিবেশেই ডায়াবেটিসের ঝুঁকি অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। শহরের ঘিঞ্জি পরিবেশ, অপরিকল্পিত নগরায়ণ, খেলার মাঠের তীব্র অভাব এবং যান্ত্রিক জীবনযাত্রার কারণে সাধারণ মানুষের কায়িক পরিশ্রমের সুযোগ দিন দিন সংকুচিত হচ্ছে। অন্যদিকে, গ্রামীণ পরিবেশেও এখন আধুনিকায়নের ছোঁয়ায় কায়িক পরিশ্রম আগের চেয়ে অনেক কমে গেছে।

কৃষিকাজ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার মানুষের শারীরিক শ্রম কমিয়ে দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বর্তমান প্রজন্মের মারাত্মক এক নেশা—‘স্ক্রিন টাইম’ বা মোবাইল ও কম্পিউটারের অতিরিক্ত ব্যবহার। বড়দের পাশাপাশি আজ শিশু-কিশোররাও মাঠে খেলাধুলা করার চেয়ে ডিজিটাল স্ক্রিনের নীল আলোয় বেশি সময় পার করছে।

এই অলস ও গতিহীন জীবনযাত্রা তাদের শৈশব থেকেই স্থূলতা বা অতিরিক্ত ওজনের দিকে ঠেলে দিচ্ছে, যার ফলে খুব অল্প বয়সেই টাইপ-২ ডায়াবেটিসের মতো জটিল রোগের ঝুঁকি বহুলাংশে বেড়ে যাচ্ছে। শারীরিক নিষ্ক্রিয়তার পাশাপাশি আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসেও এসেছে মারাত্মক সব নেতিবাচক পরিবর্তন। বর্তমানে ফাস্টফুড, প্যাকেটজাত খাবার, সফট ড্রিংকস এবং বেকারি পণ্যের জনপ্রিয়তা তুঙ্গে।

এসব মুখরোচক খাবারে থাকে প্রচুর পরিমাণে ক্ষতিকর ‘ট্রান্সফ্যাট’ এবং রিফাইন্ড সুগার, যা রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বিপজ্জনকভাবে বাড়িয়ে দেয় এবং শরীরের ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে ডায়াবেটিস ডেকে আনে। শহুরে ও গ্রামীণ উভয় অঞ্চলেই অতিরিক্ত তেল-চর্বি, প্রক্রিয়াজাত খাবার এবং জাঙ্কফুড খাওয়ার এই অদম্য প্রবণতাই ডায়াবেটিস মহামারি আকারে ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে হলে পরিবারকেই গড়ে তুলতে হবে প্রথম প্রতিরোধ দুর্গ হিসেবে।

ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য—‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’ বা আর্লি অ্যাকশনের মূল কথাই হলো সঠিক সময়ে সচেতন হওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা। পরিবারের প্রতিটি সদস্যের দায়িত্ব হলো প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর শাকসবজি, টাটকা ফলমূল এবং আঁশযুক্ত খাবার নিয়মিত রাখা। এর পাশাপাশি ক্ষতিকর ট্রান্সফ্যাটযুক্ত ভাজাপোড়া, অতিরিক্ত তেলযুক্ত খাবার এবং মিষ্টিজাতীয় খাবার বর্জন করার সংস্কৃতি পরিবার থেকেই গড়ে তুলতে হবে।

সন্তানদের অতিরিক্ত স্ক্রিন টাইম কমিয়ে তাদের আবার মাঠে খেলাধুলা, সাইকেল চালানো বা নানা ধরনের দৌড়ঝাঁপের শারীরিক কার্যকলাপে অভ্যস্ত করে তুলতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বহু মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হলেও দীর্ঘদিন তা জানেন না। তাই পরিবারের কারো মধ্যে অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব বা ক্লান্তির মতো প্রাথমিক লক্ষণ দেখা গেলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

পরিবারের পাশাপাশি সামাজিকভাবেও ব্যাপক উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমাদের আবাসিক এলাকাগুলোতে পার্ক ও খেলার মাঠ রক্ষা করতে হবে, শিশুদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সমাজের বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে নিয়মিত ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্প বা বিনামূল্যে রক্তে শর্করা পরীক্ষার ক্যাম্পের আয়োজন করা জরুরি, যাতে খুব দ্রুত রোগ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ হলেও সময়মতো সচেতন হলে এবং জীবনধারায় পরিবর্তন আনলে এটি পুরোপুরি প্রতিরোধ বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ২০২৬ সালের বিশ্ব ডায়াবেটিস দিবসের শিক্ষা হলো—অলসতা পরিহার করে আজই সচেতন হওয়া এবং ডায়াবেটিসের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। সচেতনতা যখন শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ না থেকে একটি সম্মিলিত সামাজিক আন্দোলনে রূপ নেবে, তখনই আমরা আমাদের দেশকে ডায়াবেটিসমুক্ত এবং একটি সুস্থ, সবল ও মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম উপহার দিতে পারব।

লেখক : মেডিসিন বিশেষজ্ঞ, বারডেম। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗