গাজার ৯২ শতাংশ প্রাচীন জলপাইবাগান ধ্বংস করেছে ইসরাইল, জীবিকা হারিয়েছেন হাজারো কৃষক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযানে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে শত বছরের পুরোনো জলপাইগাছের বাগান। একসময় গাজার কৃষি ও অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি ছিল এসব বাগান। কিন্তু যুদ্ধ, বুলডোজার দিয়ে জমি সমতল করা, পানির সংকট এবং কৃষিজমিতে প্রবেশে বিধিনিষেধের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে গাজার জলপাই চাষের ঐতিহ্য। এতে শুধু কৃষি উৎপাদন নয়, স্থানীয় মানুষের খাদ্যনিরাপত্তা ও জীবিকাও ভয়াবহ সংকটে পড়েছে। গাজা শহরের একটি ব্যস্ত সড়কের পাশে ফুটপাতে দাঁড়িয়ে ফালাফেল (বাংলাদেশের পেঁয়াজুর মত মধ্যপ্রাচ্যের একটি জনপ্রিয় খাবার) ভাজছেন জাহের কাশকো। পরিবারের খাবারের ব্যবস্থা করতে এখন এ কাজই তার একমাত্র অবলম্বন। অথচ যুদ্ধের আগে অক্টোবর মাস এলেই তার জীবনে শুরু হতো জলপাই সংগ্রহ ও তেল উৎপাদনের ব্যস্ততা।
শহরের পূর্বদিকে ছিল তার নিজের জলপাই তেলের কারখানা। এখন তার জমি ও তেলের কারখানা ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণাধীন ‘রেড জোনের’ পেছনে পড়ে আছে। প্রায় ৫ ডানাম (এক ডানাম প্রায় ১ হাজার বর্গমিটার) আয়তনের জলপাইবাগানটি প্রায় ২০০ বছর ধরে তাদের পরিবারের মালিকানায় ছিল। সেখানে ছিল ৪০টি পরিণত জলপাইগাছ। ভালো বৃষ্টির মৌসুমে এসব গাছ থেকে ১০ থেকে ১২ টন জলপাই পাওয়া যেত। অপেক্ষাকৃত খারাপ মৌসুমেও উৎপাদন হতো অন্তত ৬ টন। কিন্তু যুদ্ধে কাশকো পরিবারের ১৫০ সদস্য নিহত হয়েছেন।
ধ্বংস হয়ে গেছে তাদের জলপাইবাগান ও তেল উৎপাদনের কারখানা। ফলে নিজের জমি হারিয়ে এখন ফুটপাতে ফালাফেল বিক্রি করছেন জাহের। গাজার আরো কয়েক কিলোমিটার দক্ষিণে কৃষক হায়দার আবু মদিন মাটি থেকে শুকনো জলপাইয়ের একটি ডাল তুলে অনুর্বর জমিতে ছুড়ে ফেলেন। তিনি বলেন, যুদ্ধের আগে এই জমি গাজার সবচেয়ে উর্বর ও সমৃদ্ধ জলপাইবাগানগুলোর একটি ছিল। যুদ্ধের আগে হায়দার ও তার ভাইদের যৌথ মালিকানায় ৯২৪ ডানাম জমিজুড়ে বিস্তৃত একটি বিশাল জলপাইবাগান ছিল। সেখানকার গাছগুলো থেকে বছরে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টন জলপাই উৎপাদিত হতো। এসব জলপাই থেকে প্রায় ৯০০ ব্যারেল বিশুদ্ধ তেল পাওয়া যেত।
কিন্তু ইসরাইলের নির্ধারিত ‘ইয়েলো লাইন’ তার জমিকে দুই ভাগে বিভক্ত করেছে। এক অংশে ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণ থাকায় সেখানে যেতে পারেন না তিনি। অন্য অংশ বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এখন সেখানে মাত্র ৩০টি গাছ টিকে আছে। সেগুলো থেকেও এবার দুই ব্যারেলের বেশি তেল পাওয়ার সম্ভাবনা নেই। ইন্ডিপেনডেন্টকে হায়দার বলেন, আগে এই বাগানের ফসল দিয়ে পুরো মধ্যাঞ্চলের মানুষের জলপাই ও তেলের চাহিদা পূরণ করা সম্ভব হতো।
মতামত দিন