প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ছয় দফা দাবি

দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও বিচারপ্রক্রিয়াসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার অনুষ্ঠিত এ বৈঠকে দলটির পক্ষ

দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও বিচারপ্রক্রিয়াসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার অনুষ্ঠিত এ বৈঠকে দলটির পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়েছে। বৈঠকে রাজনৈতিক ঐক্য, জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার ও বিচারপ্রক্রিয়াসহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে এনসিপির দলীয় সূত্রে জানা গেছে। ১. সংবিধান সংশোধন কমিটি বাতিল: একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। একই সঙ্গে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

২. আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচার: ফ্যাসিবাদী সংগঠন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া দ্রুত করতে ট্রাইব্যুনালের সক্ষমতা ও কার্যক্রম বাড়াতে হবে। জেলা পর্যায়ে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও অভিযোগপত্র দ্রুত সম্পন্ন করে জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ৩. শেখ হাসিনার রায় কার্যকর: শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় দ্রুত কার্যকর করতে হবে। পাশাপাশি ভারতে অবস্থানরত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

ওসমান হাদির হত্যাকারীদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি। ৪. গঙ্গা চুক্তি নবায়ন: গঙ্গার পানিবণ্টন চুক্তি নতুন করে নবায়নের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে। ৫. জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও আহতদের পুনর্বাসন: জুলাই গণহত্যায় শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নিতে হবে। ৬.

আওয়ামী লীগকে পুনর্বাসনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: সরকারের একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে এনসিপি। এ কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে। দেশের বর্তমান লড়াই এখন আর আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত আওয়ামী লীগ ও তাদের দেশীয় সহযোগীদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗