সরকারি ব্যাংকে চেয়ারম্যান পদে আর নয় সচিব
সরকারের শেয়ারধারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না চাকরিরত সচিবরা। সমগ্রেডভুক্ত কর্মকর্তাদের ক্ষেত্রেও এ নীতিমালা প্রযোজ্য হবে। রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মনোনয়নও দেওয়া যাবে না। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে। খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা এবং পরিচালনা পর্ষদের পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে নীতিমালায় এ বিধান রাখা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী এসব প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি পরিচালক পদে থাকতে পারবেন না।
তবে এক মেয়াদ বিরতির পর পুনরায় পরিচালক হতে বাধা থাকবে না। নীতিমালা অনুসারে চেয়ারম্যান ও পরিচালক নিয়োগে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৭৫ বছর। থাকতে হবে কমপক্ষে ১০ বছরের প্রশাসনিক, ব্যবস্থাপনা অথবা পেশাগত অভিজ্ঞতা। তবে কর্ম-অভিজ্ঞতা ও বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা যাবে। চেয়ারম্যান নিয়োগে প্রধানমন্ত্রীর এবং পরিচালক নিয়োগে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। তবে বর্তমানে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সচিব এবং সমমর্যাদার কর্মকর্তারা নিযুক্ত রয়েছেন তারা চুক্তির অবশিষ্ট মেয়াদ পূর্ণ করতে পারবেন।
নতুন নীতিমালায় পরিচালনা পর্ষদে বিভিন্ন পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রতিটি পর্ষদে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইনজ্ঞ এবং একজন অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যাংকারের প্রতিনিধিত্ব থাকবে। পাশাপাশি উপযুক্ত যোগ্যতাসম্পন্ন নারী প্রার্থীকে পরিচালনা পর্ষদের এক-তৃতীয়াংশ পদে নিয়োগ বা মনোনয়নের বিষয়টি বিবেচনা করা হবে। অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং, আর্থিক বাজার, পুঁজিবাজার, মুদ্রানীতি, আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স, ব্যবসায় শিক্ষা, ব্যবসায় প্রশাসন, কৃষি, শিল্প, আইন ও তথ্যপ্রযুক্তিতে জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে স্বতন্ত্র পরিচালক নিয়োগ বা মনোনয়নের বিধানও রাখা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, সরকারের বিশেষ নির্দেশনা বা আইনি বিধান না থাকলে কোনো ব্যক্তি একই সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না।
সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, বহিঃহিসাব নিরীক্ষক, আইন উপদেষ্টা, উপদেষ্টা, পরামর্শক কিংবা বেতনভুক্ত কর্মচারী হিসেবে বর্তমানে দায়িত্বে থাকা অথবা গত পাঁচ বছরের মধ্যে দায়িত্ব পালন করেছেন—এমন ব্যক্তি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না। স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকলে কোনো প্রার্থীকে নিয়োগ বা মনোনয়নের জন্য বিবেচনা করা হবে না। ছয় সদস্যের বাছাই কমিটি, চেয়ারম্যান নিয়োগে প্রধানমন্ত্রীর অনুমোদন
মতামত দিন