জীবাশ্ম জ্বালানি ইস্যুতে ভেস্তে গেল বিশ্ব জলবায়ু সম্মেলন
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ ভেস্তে গেছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা আলোচনার পরও দেশগুলো একটি সামগ্রিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। চুক্তিতে জীবাশ্ম জ্বালানির বিষয়টি না থাকায় এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। পাশাপাশি জলবায়ু বিপর্যয়ের মুখে থাকা দেশগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়েও মতৈক্য হয়নি। সপ্তাহান্তজুড়ে নির্ধারিত সময়ের অনেক বেশি চলা এ বার্ষিক জাতিসংঘ জলবায়ু সম্মেলন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ কপ হিসেবে রেকর্ড গড়েছে। কপের প্রতিবেদন তথ্য অনুযায়ী, ২০০৯ সালে কোপেনহেগেন সম্মেলনের পর জাতিসংঘের জলবায়ু আলোচনায় সর্বসম্মত চুক্তি গ্রহণে এমন ব্যর্থতা আর দেখা যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু সংকট যখন ক্রমেই তীব্র হচ্ছে এবং এর প্রাণঘাতী প্রভাব বাড়ছে, তখন এ সম্মেলনের ব্যর্থতা নেতৃত্বের বড় ধরনের সংকটের পরিচয়। জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদো বলেন, এটি ছিল ইতিহাসের সবচেয়ে খারাপ কপ। এর ব্যর্থতা বিশ্ববাসীর জন্য একটি সতর্কবার্তা। গতকাল রোববার ‘আনতালিয়া চুক্তি’ অনুমোদনের জন্য আয়োজিত চূড়ান্ত বৈঠকে স্পষ্ট হয়ে যায়, সম্মেলনে অংশ নেওয়া ১৯০টির বেশি দেশের মধ্যে প্রয়োজনীয় ঐকমত্য নেই। ফলে চুক্তিটি গৃহীত হয়নি। যুক্তরাষ্ট্র এতে অংশ নেয়নি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে দেশটি আন্তর্জাতিক জলবায়ু উদ্যোগ থেকে সরে গেছে। সম্মেলনের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে মতপার্থক্য কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, বিশ্বকে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে হবে—এমন ভাষা চুক্তিতে অন্তর্ভুক্ত করার প্রশ্ন। শেষ পর্যন্ত সেই বাক্যটি চুক্তিতে স্থান পায়নি। ইউরোপীয় ইউনিয়ন, পানামা, মার্শাল দ্বীপপুঞ্জ ও নরওয়ে প্রস্তাবিত চুক্তিটি প্রত্যাখ্যান করে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেওয়া আয়ারল্যান্ডের জলবায়ুবিষয়ক মন্ত্রী ড্যারাগ ও’ব্রায়েন বলেন, ‘যে চুক্তিতে জীবাশ্ম জ্বালানির নামই উল্লেখ নেই, এমন কোনো চুক্তিকে ইউরোপীয় ইউনিয়ন সমর্থন করবে না।’ সমাপনী অধিবেশনে সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম বলেন, প্রস্তাবিত নথির বিষয়ে সব পক্ষের সম্মতি পাওয়া যায়নি।
এ কারণে মূল সিদ্ধান্তগুলো গৃহীত হয়নি। তিনি আরো জানান, নতুন করে আর কোনো খসড়া প্রকাশ করা হবে না। সম্মেলনের শেষ পর্যায়ে সবচেয়ে বড় বিরোধ তৈরি হয় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে বিশ্বকে সরিয়ে আনার প্রশ্নে। ১৩০টির বেশি দেশ জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগত, সুশৃঙ্খল ও সমতাভিত্তিক উত্তরণের স্পষ্ট অঙ্গীকার চেয়েছিল। কিন্তু তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে তৈরি সর্বশেষ খসড়ায় এ বিষয়ে সরাসরি কোনো উল্লেখ রাখা হয়নি।
মতামত দিন