হাসিনা আমলের দুর্নীতিবাজ ৯২ মন্ত্রী-এমপির বিচার কতদূর
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজে কিছুটা গতি বেড়েছে। মাঝখানে সংস্থাটির কাজ কিছুটা থমকে গেলেও নতুন কমিশন গঠনের পর অচলাবস্থা কেটেছে। অভিযোগের অনুসন্ধান ও ব্যাপকহারে তদন্ত শুরু করা, দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন, আদালতে হিসাব জব্দের আবেদন, সম্পদের হিসাব বিবরণী চাওয়া, নতুন মামলা গ্রহণ এবং চার্জশিট দাখিলের কাজে গতি ফিরেছে। চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর গতিশীল হয় দুদক। ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, এমপি ও ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। অনুসন্ধান শেষে হাসিনাসহ ৯২ এমপির বিরুদ্ধে মামলা করে দুদক। এদের মধ্যে ৪২ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা পৃথক তিন মামলায় হাসিনাকে মোট ২১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গত ৩ সেপ্টেম্বর হাসিনা, তার বোন শেখ রেহানা এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে ২৭৬ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক।
মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে করা মামলায় হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ ডিসেম্বর দিন নির্ধারণ করেছে আদালত। আরো ২১ হেভিওয়েটের মামলার বিচার ঝুলে আছে আদালতে। এদের মধ্যে রয়েছেন সাবেক আমলা ও একাধিক সেনা কর্মকর্তা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা করেছে কমিশন। যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসার রেকর্ডসংক্রান্ত তথ্য দুদককে পাঠিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। দুদকের পক্ষ থেকে সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিষয়ে যুক্তরাষ্ট্রে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ বা এমএলএআর পাঠানো হয়েছিল। তদন্ত বা বিচারকাজে তথ্য, নথি কিংবা সম্পদ জব্দের জন্য অন্য দেশের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চাওয়ার প্রক্রিয়াকে এমএলএআর বলা হয়। দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি মামলা হয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। এছাড়াও সাবেক মন্ত্রী, এমপি ও আমলাসহ ৫০ জনের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রেখেছে সংস্থাটি।
দুদক জানায়, দীর্ঘ সাড়ে পাঁচ মাস দুদক কমিশনহীন থাকার কারণে মামলা দায়ের ও অনুসন্ধান কার্যক্রমে ধীরগতি ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কাজে গতি বেড়েছে। ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমলের ঝুলন্ত অনুসন্ধানগুলো শেষ করার কাজে ব্যস্ত রয়েছেন কর্মকর্তারা। অনুসন্ধান শেষ হলেই দ্রুত মামলা করা হবে। এ বিষয়ে দুদক কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া আমার দেশকে বলেন, ‘আমরা তদন্ত অব্যাহত রেখেছি। নিয়মিত মামলা হচ্ছে।’ দুদক সূত্রে জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ১০ ডিসেম্বর পাঁচ বছরের জন্য দুদক চেয়ারম্যান হিসেবে আবদুল মোমেনকে নিয়োগ দেওয়া হয়।
কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর গত ১৭ আগস্ট নতুন কমিশন গঠন করে। দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি এনবিআরের সাবেক কর কমিশনার এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ও সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খানকে কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়। নতুন কমিশন গঠন হওয়ার পর অভিযোগের অনুসন্ধান, ব্যাপকহারে তদন্ত, দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন, আদালতে হিসাব জব্দের আবেদন, সম্পদের হিসাব বিবরণী চাওয়া, নতুন মামলা গ্রহণ ও চার্জশিট দাখিলের কাজের গতি কিছুটা বেড়েছে।
মতামত দিন