শেকৃবি হোক নগর কৃষি গবেষণা কেন্দ্র
শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠ নিয়ে আমাদের দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সেখানে নতুন সচিবালয় নির্মাণের পরিবর্তে একটি আন্তর্জাতিক মানের আধুনিক নগর কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হলে সেটি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। ১৯০৮ সালে ঢাকার তেজগাঁও অঞ্চলে প্রায় ৪০৩ একর জমিতে ঢাকা ফার্ম প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী সময়ে ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর শেরেবাংলা এ কে ফজলুল হকের উদ্যোগে সেখানে বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। কৃষি ও কৃষকের উন্নয়নের মাধ্যমে বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের যে চিন্তা তিনি ধারণ করেছিলেন, এই প্রতিষ্ঠান ছিল তারই বাস্তব প্রতিফলন। সেই সময়ের বিস্তৃত কৃষি গবেষণাক্ষেত্র আজ নগরায়ণ ও সরকারি স্থাপনা সম্প্রসারণের চাপে সংকুচিত হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস প্রায় ৮৭ একরে এসে দাঁড়িয়েছে। এখন আবার পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বিগ্ন করেছে। তাদের দীর্ঘদিনের দাবি, ঐতিহাসিক গবেষণাক্ষেত্রটি বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়া হোক। প্রশ্ন হলো, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হয়েও রাজধানীর বুকে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক মানের কৃষি গবেষণা কেন্দ্র রাখার প্রয়োজনীয়তা কেন অনুভব করবে না?
কৃষি এখন শুধু গ্রামের মাঠে ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নেই। নগরায়ণের সঙ্গে সঙ্গে নগরকৃষি, ছাদকৃষি, ভার্টিক্যাল ফার্মিং, নিরাপদ খাদ্য, খাদ্যদূষণ, নগর বনায়ন, মাটির স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ ব্যবস্থাপনা কৃষিবিজ্ঞানের গুরুত্বপূর্ণ গবেষণাক্ষেত্র হয়ে উঠেছে। এসব বিষয়ে গবেষণার জন্য ঢাকা নিজেই একটি বড় বাস্তব গবেষণাক্ষেত্র। ভারতের নয়াদিল্লিতে রয়েছে প্রায় ১ হাজার ২৫০ একর আয়তনের ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (আইএআরআই)। জাপানের টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচারও টোকিওর মূল ক্যাম্পাসের পাশাপাশি আতসুগি ও হোক্কাইডোতে পৃথক ক্যাম্পাস এবং বিভিন্ন অঞ্চলে গবেষণা খামার পরিচালনা করে। পুরোনো বাণিজ্য মেলার মাঠটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিয়ে সেখানে প্রতিষ্ঠা করা হোক ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর আরবান এগ্রিকালচার, ফুড অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’। এটি হবে আন্তর্জাতিক মানের নগরকৃষি, খাদ্য ও পরিবেশ গবেষণা কেন্দ্র। এখানে ছাদকৃষি, ভার্টিক্যাল ফার্মিং, নিরাপদ খাদ্য উৎপাদন, কীটনাশকের অবশিষ্টাংশ, মাটি ও পানির দূষণ, জলবায়ু পরিবর্তন, নগর তাপদ্বীপ প্রভাব, বৃষ্টির পানি সংরক্ষণ, নগর বনায়ন, জীববৈচিত্র্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কৃষিপ্রযুক্তি নিয়ে গবেষণা করা হবে। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা যাবে।
এফএও ও ইউএন-হ্যাবিট্যাটের মতো আন্তর্জাতিক সংস্থার সহযোগিতাও নেওয়া যেতে পারে। এখানে শুধু গবেষণাগার ও ভবন নির্মাণ করলেই হবে না। পুরো এলাকাটিকে একটি জীবন্ত নগর কৃষি গবেষণাক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হবে। থাকবে পরীক্ষামূলক ফসলের প্লট, ফলদ ও বনজ বৃক্ষ, ঔষধি উদ্ভিদের সংগ্রহশালা, জলাধার, প্রদর্শনী ছাদকৃষি এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারিক কেন্দ্র। স্কুল-কলেজের শিক্ষার্থীরা এখানে এসে কৃষি ও খাদ্য উৎপাদন সম্পর্কে হাতে-কলমে জানতে পারবে। নগরবাসীও নিরাপদ খাদ্য ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতন হওয়ার সুযোগ পাবে। এমন উদ্যোগের পরিবেশগত গুরুত্বও কম নয়। ঢাকা বায়ুদূষণ, তাপপ্রবাহ, জলাবদ্ধতা ও সবুজের সংকটে ভুগছে। কংক্রিটের বিস্তারের মধ্যে একটি বড় সবুজ গবেষণাক্ষেত্র গাছপালা, উন্মুক্ত মাটি ও জলাধারের মাধ্যমে তাপমাত্রা প্রশমনে, বৃষ্টির পানি শোষণে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করতে পারে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে ঢাকার একটি গুরুত্বপূর্ণ সবুজ বলয় ও পরিবেশ গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকাকে বসবাসযোগ্য করার যে প্রচেষ্টা চলছে, তার সঙ্গে এমন একটি উদ্যোগ সরাসরি সম্পর্কিত। তবে কৃষি গবেষণার জন্য বিস্তৃত জমির প্রয়োজনীয়তাও অস্বীকার করা যায় না। সে ক্ষেত্রে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও আন্তর্জাতিক নগর কৃষি গবেষণা কেন্দ্র ঢাকায় রাখাই ভালো। পাশাপাশি ঢাকা থেকে ৫০ থেকে ১০০ কিলোমিটার দূরত্বের মধ্যে উপযুক্ত জমিতে বিশ্ববিদ্যালয়ের অধীন পৃথক কৃষি গবেষণা ক্যাম্পাস বা আধুনিক পরীক্ষামূলক খামার প্রতিষ্ঠা করা হোক। সেখানে ধান, গম, ডাল, তেলবীজ, উদ্যানতত্ত্ব, মৎস্য, প্রাণিসম্পদ, মাটি ও পানি ব্যবস্থাপনা এবং জলবায়ুসহিষ্ণু কৃষি নিয়ে বিস্তৃত মাঠপর্যায়ের গবেষণা হবে। শিক্ষার্থীরা সেখানে আবাসিকভাবে ব্যবহারিক প্রশিক্ষণও নিতে পারবে। এভাবে রাজধানীতে অবস্থান বজায় রেখেও গ্রামীণ পরিবেশে কৃষি গবেষণার সুযোগ সম্প্রসারণ করা সম্ভব। দূরবর্তী গবেষণা খামার বা পৃথক ক্যাম্পাসের জন্য জমি নির্বাচন অবশ্যই যোগাযোগ, মাটি, পানি, গবেষণার ধরন ও দীর্ঘমেয়াদি ভূমি পরিকল্পনা বিবেচনা করে করতে হবে।
মতামত দিন