ঋণখেলাপিদের সুদিন
দেশের ব্যাংক খাতে ঋণখেলাপিদের জন্য যেন সুদিন চলছে। প্রায় ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে একের পর এক ছাড় ও বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নামমাত্র ডাউন পেমেন্টে ঋণ পুনঃতফসিল, পরিশোধে ১৫ বছর পর্যন্ত সময়, বিপুল অঙ্কের সুদ মওকুফ; এমনকি আদালতের স্থগিতাদেশ থাকা ঋণখেলাপিদেরও নতুন ঋণ পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এসব ছাড়ে ঋণখেলাপিদের দায় পরিশোধের সুযোগ বাড়লেও আদায় কতটা বাড়ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বরং ছাড়ের সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণির ঋণখেলাপি ব্যাংকারদের ওপর আরো সুবিধা আদায়ে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। ফলে ঋণ আদায়ের উদ্যোগের চেয়ে খেলাপিদের সুবিধা সম্প্রসারণই বেশি গুরুত্ব পাচ্ছে কি না, সে প্রশ্ন সামনে এসেছে। বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, এক শ্রেণির গ্রাহক বহু আগে ঋণ নিয়ে খেলাপি হলেও নতুন সার্কুলারের দোহাই দিয়ে কোনো ধরনের সুদ পরিশোধ করতে চাইছেন না। উল্টো এ পর্যন্ত পরিশোধ করা সুদের অর্থও ফেরত চাইছেন তারা।
২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময় থেকে এ পর্যন্ত জারি করা বিভিন্ন সার্কুলার বিশ্লেষণে দেখা যায়, প্রায় প্রতিটি সার্কুলারেই খেলাপি গ্রাহকদের কোনো না কোনোভাবে ছাড় দেওয়া হয়েছে। খেলাপি ঋণের ওপর ব্যাংকের আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের নির্দেশনা দেওয়া হয়েছে। মাত্র ১ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়েছে। এজন্য ১০ থেকে ১৫ বছর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। পুনঃতফসিলের মেয়াদের বাইরে অতিরিক্ত দুই বছর গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে। তহবিল ব্যবস্থাপনা ব্যয় (কস্ট অব ফান্ড) শিথিলের সুযোগও রাখা হয়েছে। আয় খাত বিকলন করেও ঋণখেলাপিদের দায় থেকে মুক্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সবশেষে যেসব ঋণখেলাপির মামলায় আদালতের স্থগিতাদেশ রয়েছে, তাদেরও প্রণোদনা তহবিল থেকে ঋণ দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।
অতীতে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ নিষ্পত্তি এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনসাপেক্ষে সুদ মওকুফের সুযোগ রাখা হয়। পরের সংশোধনীতে এ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কেবল পরিচালনা পর্ষদের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয়, এসব সার্কুলার জারির পর গ্রাহকরা স্বেচ্ছায় এগিয়ে না এলে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে উদ্যোগী হতে বলা হয়েছে। গ্রাহকদের চিঠি দিয়ে এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে এসব সুবিধা নিতে আগ্রহী করার নির্দেশনাও দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। কেন্দ্রীয় ব্যাংকের এমন নির্দেশনার সুযোগ নিয়ে খেলাপি গ্রাহকদের কেউ কেউ ঋণের দায় পরিশোধের পরিবর্তে যথেচ্ছ সুবিধা আদায়ে মরিয়া হয়ে উঠেছেন। আর্থিক খাতের বিশ্লেষক ও ব্যাংকাররা বলছেন, এ ধরনের সুবিধা নতুন নয়। আওয়ামী লীগ সরকারের আমলেই ব্যাংক তথা আর্থিক খাতের স্বার্থবহির্ভূত সুবিধা দেওয়া শুরু হয়।
ওই সময় তৎকালীন ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নানা অনৈতিক সুবিধা দিতে বিভিন্ন সার্কুলার জারি করা হতো। তবে অন্তর্বর্তী সরকারের সময় থেকে এখন পর্যন্ত ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ে যেসব সার্কুলার জারি করা হয়েছে, সেসব সুবিধা সব দল ও মতের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন সার্কুলারের মাধ্যমে সুবিধা পাওয়া কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে ঋণ অনিয়মে জড়িত থাকার অভিযোগও রয়েছে। নানা ছাড় দিয়ে ঋণখেলাপিদের উৎসাহিত করা হচ্ছে কি নাÑজানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গ্রাহকদের ঋণ পরিশোধে উৎসাহিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। ছাড় দিয়ে খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যেই বিভিন্ন সার্কুলার জারি করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছেÑঋণ পরিশোধ করা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প নেই।
মতামত দিন