ঐক্যের আহ্বানের আড়ালে অনৈক্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত সরকার: বিডিপি
জাতীয় ঐক্যের কথা বললেও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে ১১ দলীয় রাজনৈতিক ঐক্যকে দুর্বল ও বিভক্ত করার অপচেষ্টা স্পষ্ট হয়ে উঠছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। দলটির দাবি, ঐক্যের আহ্বানের আড়ালে শরিক দলগুলোর মধ্যে বিভক্তি, অবিশ্বাস ও দূরত্ব তৈরির চেষ্টা চলছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিরোধী রাজনৈতিক শক্তির প্রতি আচরণ গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। একদিকে সরকার জাতীয় ঐক্যের কথা বলছে, অন্যদিকে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে ১১ দলীয় রাজনৈতিক ঐক্যকে দুর্বল ও বিভক্ত করার অপচেষ্টা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।
সরকারের এমন দ্বিমুখী রাজনৈতিক অবস্থান জাতীয় ঐক্যের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে। বিডিপি জানায়, সুকৌশলে ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর মধ্যে বিভক্তি, অবিশ্বাস ও দূরত্ব তৈরির চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হকের মাধ্যমে ‘জামায়াত, এনসিপি এবং ৯ আদার্স’ শিরোনামে ‘সময় হলে হিসাব মেলানো হবে’—এ ধরনের বক্তব্য প্রচারের মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের পরিবেশ তৈরি করা হচ্ছে। এ ছাড়া হেফাজতে ইসলামের মাধ্যমে ১১ দলীয় ঐক্যে থাকা ইসলামী দলগুলোকে ঐক্য থেকে বের করে নেওয়ার চেষ্টা চলছে বলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। একই সঙ্গে ১১ দলীয় ঐক্যের নেতাদের পৃথকভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান এ্যাড. এ কে এম আনোয়ারুল ইসলাম চান বলেন, জনগণের গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে প্রতারণা এবং জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষা ও সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে আসার প্রবণতাই বর্তমান রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও অনিশ্চয়তার অন্যতম কারণ। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনোভাবেই টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আধিপত্যবাদী শক্তির প্রভাব ও প্ররোচনাকে প্রশ্রয় দেওয়া এবং বিরোধী রাজনৈতিক শক্তিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে পদায়নের মতো কর্মকাণ্ড জাতীয় ঐক্যের পরিবর্তে রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করছে। বিডিপির মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, বিভক্তি সৃষ্টি কিংবা প্রলোভনের মাধ্যমে সাময়িকভাবে ক্ষমতার স্বার্থ রক্ষা করা গেলেও দীর্ঘমেয়াদে তা রাষ্ট্র ও সরকারের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।
চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতান্ত্রিক ভবিষ্যৎ, সাধারণ মানুষের স্বস্তি এবং বিদেশি বিনিয়োগের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ফলে জাতি হিসেবে কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রযাত্রা ক্রমেই বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
মতামত দিন