গোপালগঞ্জের সংকেত ও জাতীয় ঐক্য

রাজনীতিতে ‘উইনার-টেকস-অল’ বা সবকিছু জয় করার সংস্কৃতির মূল সংকট নিহিত রয়েছে নির্বাচনে বিজয়ের ভুল সংজ্ঞায়নের মধ্যে। আমাদের দেশে নির্বাচনে জয়লাভ করা মানে শুধু সরকার গঠন নয়। দলগুলো মনে করে তারা পুরো

রাজনীতিতে ‘উইনার-টেকস-অল’ বা সবকিছু জয় করার সংস্কৃতির মূল সংকট নিহিত রয়েছে নির্বাচনে বিজয়ের ভুল সংজ্ঞায়নের মধ্যে। আমাদের দেশে নির্বাচনে জয়লাভ করা মানে শুধু সরকার গঠন নয়। দলগুলো মনে করে তারা পুরো রাষ্ট্রের মালিকানা পেয়েছে। এক দল ক্ষমতায় গেলে সংসদ, আদালত থেকে শুরু করে প্রশাসনÑসবকিছুর ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম করে। তারা পরাজিত দলকে রাষ্ট্র থেকে পুরোপুরি বিচ্ছিন্ন বা ছিটকে ফেলে দেয়। যখন পরাজয় মানে রাজনৈতিক অস্তিত্বের সম্পূর্ণ বিলুপ্তি, তখন সমঝোতা বা আপস করা অসম্ভব হয়ে পড়ে। ফলে এই সর্বগ্রাসী আধিপত্যের লড়াইয়ে আমরা নিজেরাই নিজেদের রাষ্ট্রকে দুর্বল করে তুলছি। আমাদের রাজনৈতিক দলগুলোর চরিত্র এক অদ্ভুত দ্বৈততায় আক্রান্ত। যখন কোনো দল বিরোধী দলে থাকে, তখন তারা গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার এবং প্রাতিষ্ঠানিক সংস্কার দাবিতে রাজপথ কাঁপিয়ে তোলে। কিন্তু ক্ষমতার মসনদে বসার পরই তারা সেসব প্রতিশ্রুতির কথা সম্পূর্ণ ভুলে যায়।

ঠিক আগের শাসকের মতো তারা সব ক্ষমতা কুক্ষিগত করে এবং পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করতে শুরু করে। ২০২৪ সালের আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, জনগণের এই ক্ষোভ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষাকে অস্বীকার করার কোনো উপায় আর নেই। কিন্তু দুঃখজনক হলো, ক্ষমতার পালাবদলের পরও সেই পুরোনো স্বৈরাচারী মানসিকতা ও দলীয়করণের বৃত্ত থেকে আমাদের রাজনৈতিক সংস্কৃতি এখনো পুরোপুরি বের হয়ে আসতে পারেনি। এই আত্মঘাতী পুনরাবৃত্তি বন্ধ না হলে পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, তা ইতিহাস আমাদের বারবার মনে করিয়ে দিয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় দায়িত্ব পালন করার সময়ের একটি বাস্তব অভিজ্ঞতা আমাদের রাজনীতির কুৎসিত ও অন্ধ বাস্তবতাকে খুব কাছ থেকে দেখিয়েছিল। একদিন এক সংসদ সদস্য আমার দপ্তরে এসে অত্যন্ত উদ্বেগের সঙ্গে অভিযোগ করলেন, তার নির্বাচনি এলাকায় এক ব্যক্তি গোপনে জাল মুদ্রা তৈরি করছে। তৎকালীন সংবেদনশীল পরিস্থিতিতে বিষয়টি আমলে নিয়ে আমি তাকে সুনির্দিষ্ট প্রমাণসহ আসতে বললাম। কিছুদিন পর তিনি একটি জালনোট নিয়ে হাজির হলেন। কিন্তু আমাদের গভীর তদন্তে বেরিয়ে এলো আসল সত্য। অভিযুক্ত ব্যক্তিটি বিরোধী দলের কোনো রাজনীতিক ছিলেন না; বরং তিনি ছিলেন ওই সংসদ সদস্যেরই সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, যিনি আগামী নির্বাচনে তাকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছিলেন।

মূলত ক্ষমতার একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে এবং প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরিয়ে হেনস্তা করতেই মিথ্যা জালিয়াতির ফাঁদ পেতে সংস্থাকে ব্যবহার করার অপচেষ্টা চালিয়েছিলেন ওই জনপ্রতিনিধি। এই একটি ঘটনাই প্রমাণ করে, আমাদের দেশের রাজনীতিতে সংসদ সদস্য হওয়ার জন্য বা ক্ষমতা কুক্ষিগত করতে অনেকেই কতটা নীতিহীন ও অন্ধ হয়ে উঠতে পারেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন এই সর্বগ্রাসী মানসিকতা কাজ করে? এর মূলে রয়েছে ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ এবং রাষ্ট্রীয় সম্পদের লোভ। আমাদের রাজনৈতিক কাঠামোতে ক্ষমতার এমন একাধিপত্য তৈরি করা হয়েছে, ক্ষমতায় গেলেই সবকিছু নিয়ন্ত্রণ করার মোহ জন্ম নেয়। রাজনীতিবিদদের মনে এই ভুল ধারণা ভর করে যে তারা চিরকাল ক্ষমতায় থাকবেন। ফলে প্রতিদ্বন্দ্বী দলকে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ না ভেবে তারা রাষ্ট্রের অস্তিত্বের শত্রু হিসেবে গণ্য করতে শুরু করেন। এই মানসিকতা পুরো জাতিকে একটি আত্মঘাতী বৃত্তে আটকে ফেলে। বর্তমানে বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল ও বহুমুখী এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক ভঙ্গুরতা, তৈরি পোশাকশিল্পে ধারাবাহিক অস্থিরতা এবং ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের রাজনৈতিক হুমকির পাশাপাশি সম্প্রতি গোপালগঞ্জে ঘটে যাওয়া সংঘাতপূর্ণ ঘটনাগুলো পুরো দেশকে নতুন করে সতর্কবার্তা দিয়েছে।

গোপালগঞ্জের ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন স্থানীয় সংঘর্ষ নয়। এটি আমাদের জাতীয় নিরাপত্তার সুপ্ত দুর্বলতা এবং গভীর রাজনৈতিক মেরূকরণেরই এক বিপজ্জনক বহিঃপ্রকাশ। এর পেছনে অভ্যন্তরীণ অব্যবস্থাপনার পাশাপাশি দেশি-বিদেশি ভূরাজনৈতিক বা ডিপ স্টেটের উসকানি ও ষড়যন্ত্রও স্পষ্ট। এই বহুমুখী সংকটগুলোর মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের টানাপোড়েন এবং ব্যাংক খাতের খেলাপি ঋণ অর্থনীতিকে ভেতর থেকে নড়বড়ে করে দিয়েছে। ব্যাংক খাতের সংস্কার ও অর্থপাচার রোধের পাশাপাশি নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং সরকারি দপ্তরে ঘুস-হয়রানি বন্ধে কঠোর অবস্থান নিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার চাপ কমাতে হবে। পোশাক খাতে মজুরি বৈষম্যের সুযোগ নিয়ে বহিরাগত উসকানিদাতারা প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই খাতকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। বাস্তবসম্মত ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো নাশকতা কঠোর হাতে দমন করতে হবে। এছাড়া গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতা প্রমাণ করে যে, দেশকে অস্থিতিশীল করতে গভীর চক্রান্ত কাজ করছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব সহিংসতা ও নাশকতায় জড়িত লোকজন ও তাদের উসকানিদাতাদের আইনের আওতায় আনতে হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗