রোহিঙ্গা মামলার রায়ে ইসরাইলের ডর

রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) একটি রায়ের পর ইসরাইলের শাসকগোষ্ঠীর মধ্যেও ডর ঢুকেছে। রায়টি ইসরাইলের বিরুদ্ধে নয়, মিয়ানমারের বিরুদ্ধে। কিন্তু এর আইনি প্রভাব গাজায় গণহত্

রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) একটি রায়ের পর ইসরাইলের শাসকগোষ্ঠীর মধ্যেও ডর ঢুকেছে। রায়টি ইসরাইলের বিরুদ্ধে নয়, মিয়ানমারের বিরুদ্ধে। কিন্তু এর আইনি প্রভাব গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে চলমান মামলায় পড়তে পারে। এদিকে আদালতের বাইরেও ইসরাইলবিরোধী প্রতিবাদের আওয়াজ ক্রমেই জোরালো হচ্ছে। ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র—বিভিন্ন দেশের রাজপথে ছড়িয়ে পড়েছে সেই প্রতিবাদ। এমনকি গাজা যুদ্ধ নিয়ে অসন্তোষ মার্কিন নির্বাচনের রাজনীতিতেও প্রভাব ফেলেছে। ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে রায় দেয়। রায় প্রকাশের পরপরই ইসরাইলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টে এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্লেষণ প্রকাশিত হয়।

পত্রিকাটির সাংবাদিক ইয়োনাহ জেরেমি ববের লেখা নিবন্ধের শিরোনাম ছিল—‘আইসিজের মিয়ানমারবিষয়ক রায় গাজায় গণহত্যার অভিযোগ মোকাবিলায় ইসরাইলের প্রতিরক্ষাকে দুর্বল করতে পারে’; অর্থাৎ রায় ঘোষণার দিনই ইসরাইলের সংবাদমাধ্যমে এর সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এই রায়ের তাৎপর্য শুধু মিয়ানমারের মধ্যে সীমাবদ্ধ নয়। একই আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় গাজায় গণহত্যার অভিযোগের মুখোমুখি ইসরাইল। ২০২৩ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা মামলাটি করে; অভিযোগ, গাজায় সামরিক অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা করছে ইসরাইল। ইসরাইল অবশ্য স্বভাবসুলভ ভঙ্গিতে অভিযোগ অস্বীকার করে আসছে। জেরুজালেম পোস্টের বিশ্লেষক ইয়োনাহ জেরেমি ববের মতে, মিয়ানমারের বিরুদ্ধে রায় ইসরাইলের আইনি লড়াইকে কঠিন করে তুলতে পারে। গণহত্যার প্রমাণ হিসেবে আদালত যেসব বিষয় বিবেচনায় নিয়েছেন, সেগুলো দক্ষিণ আফ্রিকার মামলাতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গণহত্যা বলতে কোনো জনগোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত অপরাধকে বোঝায়।

১৯৪৮ সালের গণহত্যা সনদে শুধু হত্যা নয়, কোনো জনগোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, জন্মরোধে ব্যবস্থা নেওয়া এবং তাদের ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে—এমন জীবনযাপনের পরিবেশ চাপিয়ে দেওয়াও অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। মিয়ানমারের মামলায় আদালত এসব বিষয় গুরুত্বের সঙ্গে দেখেছে। রোহিঙ্গাদের হত্যা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং তাদের ওপর চালানো অন্যান্য নিপীড়নের বিষয়গুলো বিবেচনায় এসেছে। ফলে গণহত্যা প্রমাণের জন্য শুধু নিহত মানুষের সংখ্যা নয়, একটি জনগোষ্ঠীর ওপর সামগ্রিক নিপীড়নের চিত্রও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জেরুজালেম পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, মিয়ানমারের প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গার মধ্যে ১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ জনগোষ্ঠীটির প্রায় ১ দশমিক ২ শতাংশ মানুষ নিহত হয়েছিলেন। এই হত্যাকাণ্ডের পাশাপাশি অন্যান্য অপরাধের ভিত্তিতেও আদালত গণহত্যার দায় নির্ধারণ করেছেন। অতীতে হলোকাস্টে ৬০ লাখ ইহুদি এবং রুয়ান্ডায় আট লাখের বেশি মানুষ হত্যার মতো ভয়াবহ ঘটনার প্রেক্ষাপটে গণহত্যা নিয়ে আলোচনা হয়েছে।

কিন্তু মিয়ানমারের রায় দেখিয়ে দিল, গণহত্যা প্রমাণের জন্য কোনো জনগোষ্ঠীর বিপুলসংখ্যক মানুষকে হত্যা করা বাধ্যতামূলক নয়। গাজার ক্ষেত্রে এ বিষয়টি ইসরাইলের জন্য বড় উদ্বেগের কারণ। সেখানে ইসরাইলি সামরিক অভিযানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন। অসংখ্য বাড়িঘর, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়েছে। অবরোধ ও মানবিক সহায়তা বাধাগ্রস্ত হওয়ার কারণে মানুষের জীবনযাপনও বিপর্যস্ত হয়েছে। এসব বিষয় গণহত্যার অভিযোগের বিচারিক মূল্যায়নে গুরুত্ব পেতে পারে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗