মার্কিন নৌ অবরোধ ভাঙতে তেল ট্যাঙ্কারের বহর প্রস্তুত করছে ইরান
মার্কিন নৌ অবরোধ ভেঙে আগামী কয়েক দিনের মধ্যে ১৪টির বেশি তেলবাহী ট্যাংকারের একটি বহর পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। এ সময় মার্কিন বাহিনী বাধা দিলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ হুঁশিয়ারির কথা জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, ট্যাংকারগুলো বর্তমানে খার্গ দ্বীপের কাছে জড়ো করা হচ্ছে।
ইরানের মোট অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানির প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশই এ দ্বীপের মাধ্যমে হয়ে থাকে। স্যাটেলাইট চিত্র ও জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, ট্যাংকারগুলোতে নাবিক রয়েছেন এবং সেগুলোতে ইরানের পতাকা উড়ছে। আগামী কয়েক দিনের মধ্যে বহরটি ওমান উপসাগরের দিকে যাত্রা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইউরোনিউজের ফারসি ভাষার সংস্করণ এ তথ্যকে ‘অনানুষ্ঠানিক প্রতিবেদন’ হিসেবে উল্লেখ করেছে।
এখন পর্যন্ত বহরটির যাত্রা শুরুর বিষয়ে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে তেলবাহী জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, তাদের সংগৃহীত তথ্য থেকে ধারণা করা হচ্ছে, ইরান আবারও তেল রপ্তানি শুরুর প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা সামির মাদানি বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, উপসাগরীয় অঞ্চলে একটি জাহাজ থেকে অন্য একটি জাহাজে ইরানি অপরিশোধিত তেল স্থানান্তর করা হচ্ছিল। তিনি বলেন, ‘জাহাজটি যদি অবরোধ এলাকা অতিক্রম করতে পারে, তাহলে গত জুলাইয়ের মাঝামাঝির পর সমুদ্রপথে ইরানি অপরিশোধিত তেল রপ্তানির ক্ষেত্রে এটিই হবে প্রথম সফল ঘটনা।’ তবে মাদানি জাহাজটির নাম প্রকাশ করেননি।
তিনি জানান, জাহাজটি মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।
মতামত দিন