প্রযুক্তিব্রেকিং

ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তায় বড় ধাক্কা

ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তায় বড় ধাক্কা
ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তায় বড় ধাক্কা

মাত্র কয়েক ঘণ্টার পরিকল্পিত সাইবার হামলায় বাইন্যান্স থেকে চুরি হয় ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ। উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করেছে এফবিআই। চুরি হওয়া সম্পদের বড় অংশ জব্দ ও প্রতিস্থাপনের দাবি করলেও এ ঘটনা প্রশ্ন তুলেছে ব্লকচেইন প্রযুক্তি, ক্রিপ্টো এক্সচেঞ্জের নিরাপত্তা ...

মাত্র কয়েক ঘণ্টার পরিকল্পিত সাইবার হামলায় বাইন্যান্স থেকে চুরি হয় ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ। উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করেছে এফবিআই। চুরি হওয়া সম্পদের বড় অংশ জব্দ ও প্রতিস্থাপনের দাবি করলেও এ ঘটনা প্রশ্ন তুলেছে ব্লকচেইন প্রযুক্তি, ক্রিপ্টো এক্সচেঞ্জের নিরাপত্তা এবং ডিজিটাল সম্পদের ওপর বিনিয়োগকারীদের আস্থা নিয়ে।

ডিজিটাল অর্থনীতির ইতিহাসে অন্যতম বড় সাইবার চুরির ঘটনা ঘটেছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে। ২০২৬ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠানটির বিভিন্ন ওয়ালেট থেকে প্রায় ৬৩০ কোটি ডলার সমমূল্যের ক্রিপ্টো সম্পদ হাতিয়ে নেয় হ্যাকাররা। ব্লকচেইন বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, হামলার বড় অংশ সম্পন্ন হয় মাত্র ২০ মিনিটে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এ ঘটনার জন্য উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত ‘ট্রেডারট্রেইটার’ হ্যাকার গোষ্ঠীকে দায়ী করেছে। এফবিআইয়ের ভাষ্য অনুযায়ী, চুরি করা সম্পদের বড় অংশ ইথেরিয়ামে রূপান্তর করে পাচারের চেষ্টা চালানো হয়। তবে ঘটনাটি শুধু কোনো ব্লকচেইনের কোড ভেঙে অর্থ চুরির সাধারণ ঘটনা নয়।

বাইন্যান্সের প্রাথমিক তদন্তে একজন প্রকৌশলীর ল্যাপটপ আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসে। পরে প্রতিষ্ঠানটির বিস্তারিত প্রতিবেদনে উঠে আসে আরো জটিল চিত্র। হ্যাকাররা প্রথমে ক্ষতিকর সফটওয়্যারযুক্ত এআই কোডিং টুল এবং ভুয়া চাকরির সাক্ষাৎকারের মাধ্যমে প্রকৌশলীদের কম্পিউটারে প্রবেশের সুযোগ তৈরি করে।

এরপর অভ্যন্তরীণ ব্যবস্থায় প্রবেশ করে ওয়ালেট পরিচালনার গুরুত্বপূর্ণ অনুমোদনপ্রক্রিয়া নিয়ন্ত্রণে নেয়। ইথেরিয়ামের EIP-7702 নামের প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে একটি ক্ষতিকর স্মার্ট কন্ট্রাক্টকে ওয়ালেটের কার্যক্রমে প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হয়। ফলে স্বাভাবিক উত্তোলনপ্রক্রিয়ার বাইরে গিয়ে সম্পদ সরানো সম্ভব হয়।

এ হামলায় প্রযুক্তির দুর্বলতার পাশাপাশি মানুষের অসতর্কতা ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরাপত্তাও বড় ভূমিকা রেখেছে। হামলার পর বাইন্যান্স সাময়িকভাবে অর্থ উত্তোলন বন্ধ করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় চুরি হওয়া সম্পদ শনাক্ত ও জব্দের উদ্যোগ নেয়। টেথার, সার্কেলসহ একাধিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কিছু সম্পদ আটকে দেয়।

প্রথম দিকে প্রায় ৩০০ কোটি ডলার শনাক্ত বা জব্দের কথা জানানো হয়। অন্যদিকে, বাইন্যান্স নিজস্ব অর্থ, ব্যবহারকারীদের সুরক্ষা তহবিল (SAFU) ও অন্যান্য রিজার্ভ ব্যবহার করে গ্রাহকদের সম্পদের ঘাটতি পূরণের ঘোষণা দেয়। ৩১ অক্টোবর প্রতিষ্ঠানটি ৯০ শতাংশ সম্পদ প্রতিস্থাপনের কথা জানায়।

৩ নভেম্বর রয়টার্সকে বাইন্যান্সের সহপ্রধান নির্বাহী রিচার্ড টেং জানান, ক্ষতিগ্রস্ত টোকেনের প্রায় ৯৫ শতাংশ আবার পূরণ করা হয়েছে। কম লেনদেন হওয়া টোকেনগুলোর বাকি অংশ সংগ্রহে কাজ চলছিল। অর্থাৎ সম্পদ জব্দ করা এবং নিজস্ব অর্থ দিয়ে গ্রাহকের হিসাব পূরণ করা এক বিষয় নয়।

এ ঘটনা বিচ্ছিন্ন নয়। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিট থেকে প্রায় ১৫০ কোটি ডলারের ইথেরিয়াম চুরি হয়েছিল। এফবিআই ওই হামলার জন্যও উত্তর কোরিয়ার ট্রেডারট্রেইটার গোষ্ঠীকে দায়ী করে।

২০২২ সালের মার্চে জনপ্রিয় গেম অ্যাক্সি ইনফিনিটির সঙ্গে যুক্ত রনিন নেটওয়ার্ক থেকে প্রায় ৬২ কোটি ৪০ লাখ ডলারের সম্পদ চুরি হয়। একই বছরের অক্টোবরে বিএনবি ব্রিজে প্রায় ৫৮ কোটি ৬০ লাখ ডলারের জাল লেনদেনের ঘটনা ঘটে। ২০২১ সালে পলি নেটওয়ার্ক থেকে প্রায় ৬১ কোটি ডলারের সম্পদ চুরি হলেও পরে হ্যাকার অধিকাংশ অর্থ ফেরত দেয়।

আর ২০১৪ সালের মাউন্ট গক্স বিপর্যয়ে প্রায় ৮ লাখ ৫০ হাজার বিটকয়েন হারিয়ে যায়। যার পরিণতিতে এক্সচেঞ্জটি দেউলিয়া হয়ে পড়ে। এসব ঘটনায় কখনো ব্যক্তিগত নিরাপত্তা চাবি, কখনো স্মার্ট কন্ট্রাক্ট, আবার কখনো নেটওয়ার্কের লেনদেন অনুমোদনব্যবস্থার দুর্বলতা কাজে লাগানো হয়েছে।

প্রযুক্তিগতভাবে ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তার অন্যতম ভিত্তি হলো ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন। প্রতিটি লেনদেন ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে অনুমোদিত হয় এবং নেটওয়ার্কে তার রেকর্ড সংরক্ষিত থাকে। কিন্তু কোনো এক্সচেঞ্জের ওয়ালেটের নিয়ন্ত্রণ, ব্যক্তিগত কী বা অনুমোদনব্যবস্থা আক্রান্ত হলে এই প্রযুক্তিগত নিরাপত্তাও যথেষ্ট নাও হতে পারে।

অনলাইনে যুক্ত হট ওয়ালেট দ্রুত লেনদেনের সুবিধা দিলেও সাইবার হামলার ঝুঁকি বেশি। অন্যদিকে অফলাইনে রাখা কোল্ড ওয়ালেট তুলনামূলক নিরাপদ। যদিও সেখানেও ব্যবস্থাপনা ও প্রবেশাধিকার সুরক্ষিত রাখা জরুরি।

ব্লকচেইনের লেনদেন অনুসরণযোগ্য হলেও চুরি হওয়া সম্পদ ফেরত পাওয়া সবসময় সহজ নয়। বিশেষ করে সম্পদ বিভিন্ন নেটওয়ার্কে স্থানান্তর, টোকেন বদল বা গোপনীয়তা বাড়ানোর সেবা ব্যবহারের মাধ্যমে পাচার করা হলে শনাক্তকরণ জটিল হয়ে ওঠে। হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিটকয়েন, ইথেরিয়ামসহ বিভিন্ন ক্রিপ্টো সম্পদের দামে পতন দেখা যায়।

এতে স্পষ্ট হয়, একটি বড় এক্সচেঞ্জের নিরাপত্তা সংকট পুরো বাজারের ওপর প্রভাব ফেলতে পারে। বাইন্যান্সের ৩৩ কোটির বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং বিপুল সম্পদ ব্যবস্থাপনার বিষয়টি এই ঝুঁকির ব্যাপ্তি আরো স্পষ্ট করে। এ ঘটনার পর নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কর্মীদের কম্পিউটার সুরক্ষা, বহুধাপের অনুমোদন, ওয়ালেটের স্বাধীন নিরীক্ষা, লেনদেন পর্যবেক্ষণ এবং সন্দেহজনক কার্যক্রম শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।

ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ তাই শুধু দ্রুত লেনদেন বা বিনিয়োগের সম্ভাবনায় নির্ধারিত হবে না; নির্ভর করবে নিরাপত্তা ও জবাবদিহির ওপরও। বাইন্যান্সের ঘটনা দেখিয়েছে, উন্নত প্রযুক্তির প্রতিষ্ঠানও মানুষের ভুল, ক্ষতিকর সফটওয়্যার ও পরিকল্পিত সাইবার হামলার বাইরে নয়। ডিজিটাল সম্পদের জগতে সবচেয়ে বড় প্রশ্ন এখন শুধু অর্থ কোথায় রাখা হচ্ছে তা নয়।

বরং সেই অর্থের নিয়ন্ত্রণ কার হাতে এবং তা সুরক্ষিত রাখার ব্যবস্থা কতটা নির্ভরযোগ্য। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV