বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, সেটি পেয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
স্বৈরাচার আমলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল, মানুষকে বিশেষ কোন একটি দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল বলে জাতীয় সংসদে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এক প্রশ্নের উত্তর দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “এক যুগেরও বেশি সময় আমরা স্বৈরাচারের সেই দুঃসহ শাসনামলে দেখেছি কিভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। কিভাবে বাংলাদেশের খনিজ সম্পদকে দেশের মানুষের স্বার্থে ব্যবহার না করে সকল কিছুকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল। আমরা দেখেছি মাননীয় স্পিকার কিভাবে বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল, কিভাবে এমন সব ইচ্ছাকৃতভাবে পলিসি গ্রহণ করেছিল যার ফলে শিল্পের বিকাশ ঘটতে পারেনি স্বাভাবিকভাবে।”
তবে শুধু শিল্প, জ্বালানিই নয় বরং চিকিৎসা ব্যবস্থাকেও পরিকল্পিতভাবে আওয়ামী লীগের আমলে ধ্বংস করা হয়েছিল বলে অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী।
“ঠিক একইভাবে আমরা দেখেছি সেই স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসা ব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময়ে যাও ছিল স্বৈরাচারের সময়ে তা ধ্বংস করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে সেই স্বৈরাচারের সময়ে আমরা দেখেছি এমনভাবে চিকিৎসা ব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে, বাংলাদেশের মানুষকে বাধ্য করেছিল বিশেষ কোন একটি দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য” বলেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আগামী বছরের পহেলা ফেব্রুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বঘোষিত সময়েই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের কিছু বিভাগে ভর্তির যোগ্যতার শর্তও শিথিল করেছে ঢাবি।
এর আওতায় বেশ কয়েকটি বিভাগের ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রাপ্ত ন্যূনতম গ্রেড কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাবির উপ-উপাচার্য আলমোজাদ্দেদি আলফেছানি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "আমাদের আজকে সাধারণ ভর্তি কমিটির জরুরি মিটিং এ আমরা সর্বসম্মতিক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পূর্বের যে সিদ্ধান্ত ছিল ২৫ শে নভেম্বর পর্যন্ত আমাদের আবেদনের সর্বশেষ সময়সীমা এবং পাঁচই ডিসেম্বর থেকে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পূর্বের সকল সময়সূচি আমরা বহাল রেখেছি।"
দুপুরে ইউজিসি চেয়ারম্যান সিদ্ধান্ত জানানোর পরে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি একটি বৈঠকে ওই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সন্ধ্যায় জনসংযোগ দপ্তর জানায়, গত ৩১শে অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরাই ২০২৬ - ২০২৭ শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন।
ফল পুনঃনিরীক্ষণের আবেদনকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তাদের ফলাফল আগামী ২৩শে নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!