শিক্ষা

শীতের পোশাকে সেজেছে রাজধানীর বিপণিবিতান

শীতের পোশাকে সেজেছে রাজধানীর বিপণিবিতান
শীতের পোশাকে সেজেছে রাজধানীর বিপণিবিতান
শীতের পোশাকে সেজেছে রাজধানীর বিপণিবিতান

শীতের আভাস পেয়েই রাজধানীর ফুটপাতে গরম পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। মঙ্গলবার গুলিস্তান এলাকা থেকে তোলা। ছবি: গোলাম মোস্তফাশীতের আগমনী বার্তা ছড়িয়ে পড়তেই রাজধানীর বিপণিবিতানগুলোতে উঠতে শুরু করেছে শীতের নতুন পোশাকের সংগ্রহ। জ্যাকেট, হুডি, সোয়েটার, কার্ডিগান, ব্লেজার ও শ...

শীতের আভাস পেয়েই রাজধানীর ফুটপাতে গরম পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। মঙ্গলবার গুলিস্তান এলাকা থেকে তোলা। ছবি: গোলাম মোস্তফাশীতের আগমনী বার্তা ছড়িয়ে পড়তেই রাজধানীর বিপণিবিতানগুলোতে উঠতে শুরু করেছে শীতের নতুন পোশাকের সংগ্রহ।

জ্যাকেট, হুডি, সোয়েটার, কার্ডিগান, ব্লেজার ও শালসহ নানা ধরনের গরম কাপড়ে সেজেছে দেশি-বিদেশি ব্র্যান্ডের শোরুম থেকে শুরু করে ফ্যাশন হাউস ও ছোট-বড় দোকান। ক্রেতাদের চাহিদা বিবেচনায় দেশি পোশাকের পাশাপাশি আমদানি করা বিদেশি পোশাকও তুলেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে সাধ্যের মধ্যে শীতের পোশাক কিনতে ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন নিম্ন ও স্বল্প আয়ের মানুষ।

তাদের বড় একটি অংশের ভরসা পুরোনো দেশি-বিদেশি পোশাকের বাজার। সব মিলিয়ে শীত পুরোপুরি জেঁকে বসার আগেই রাজধানীর পোশাকের বাজারে শুরু হয়েছে শীতের কেনাকাটার প্রস্তুতি। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, গুলিস্তান, মৌচাকসহ বিভিন্ন এলাকার বিপণিবিতান ও ফুটপাতের দোকানে শীতের পোশাকের বৈচিত্র্য দেখা যাচ্ছে।

কোথাও দেশি কাপড়ে তৈরি শীতের পোশাক, কোথাও বিদেশি নকশার জ্যাকেট ও হুডি। আবার ফুটপাত ও পুরোনো কাপড়ের দোকানে পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি ব্যবহৃত শীতের পোশাক। ক্রেতাদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী তৈরি হয়েছে আলাদা আলাদা বাজার।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরাবরই রাজধানীতে শীতের প্রকোপ কম থাকায় হালকা সোয়েটার, ফুলহাতা টি-শার্ট, কার্ডিগান ও শালের চাহিদা বেশি থাকে। আর চাকরিজীবীদের মধ্যে কোট ও স্যুটের চাহিদা থাকে। তবে পোশাকে আরাম, সৌন্দর্য ও নকশার বিষয়গুলো বেশি গুরুত্ব পায়।

আবার শীত বাড়লে মোটা জ্যাকেট, হুডি, ব্লেজারের চাহিদা বেড়ে যায়। এবারের শীত মৌসুম সামনে রেখে সামর্থ্য অনুযায়ী ব্যবসায়ীরা ইতোমধ্যে শীত পোশাকের জন্য বিনিয়োগ করেছেন। নিউ মার্কেট এলাকার গোল্ডেন গিফট শপিং সেন্টারের ঢাকা বাজারের ম্যানেজার রাকিব হোসেন বলেন, এখনো সেভাবে গরম কাপড় কেনাবেচা শুরু হয়নি।

আমাদের শোরুমে ইতোমধ্যে সাত-আট লাখ টাকার শীতের পোশাক ঢুকেছে। ১২ লাখ টাকার ক্রয়াদেশ হয়ে আছে, দু-একদিনের মধ্যেই সেগুলো পৌঁছাবে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনাও বাড়বে।

একবারে তো সব টাকা বিনিয়োগ হয় না। কিছু বিক্রি হলে নতুন পণ্য উঠানো হবে। নারী, পুরুষ ও শিশুদের জন্য আলাদা নকশা এবং রঙের পোশাক দিয়ে আলমিরা সাজিয়েছেন বিক্রেতারা।

দেশি কাপড় ও নকশার পাশাপাশি তরুণদের পছন্দ বিবেচনায় আধুনিক কাটিং এবং নকশার পোশাকও তৈরি করছে স্থানীয় প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে বিদেশি শীত পোশাকের বাজারেও রয়েছে নানা ধরনের সংগ্রহ। চীন, ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের তৈরি জ্যাকেট, হুডি, সোয়েটারসহ বিভিন্ন শীত পোশাক পাওয়া যাচ্ছে দোকান ও শোরুমগুলোয়।

এসব পোশাকের মধ্যে অধিকাংশই নতুন আমদানি করা; আবার কিছু গেল বছরের পোশাকও রয়েছে। মৌচাকের ফরচুন শপিংমলের কোয়েল কটন সেন্টার বাচ্চাদের পোশাক বিক্রি করে। এই শোরুমের সব পোশাকে ৩০ শতাংশ ছাড় চলছে।

সেলস ম্যানেজার চৈতী হাসান বলেন, আমার শোরুমে গরম কাপড়গুলোতে শীতের শেষে ছাড় দেওয়া হয়। কিন্তু তখন ঈদুল ফিতর থাকায় কোম্পানি এখন ছাড় দিচ্ছে। আমাদের কাছে গত বছরের পোশাক নেই, যা ছিল বিক্রি হয়ে গেছে।

এখনো দেশি-বিদেশি সব ধরনের পোশাক আছে। নকশা, কাপড়ের মান, ব্র্যান্ড ও স্থায়িত্বের কারণে বিদেশি পোশাকের প্রতিও ক্রেতার আগ্রহ কম নয়। একটু কষ্ট করে হলেও তারা শোরুম থেকে বিদেশি পোশাক কেনার চেষ্টা করেন।

এসব শোরুমে নতুন পোশাকের পাশাপাশি গত বছরের পোশাকও শোভা পাচ্ছে। পুরোনো পোশাকে নকশা, রঙ ও মানভেদে ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে দেখা গেছে। তবে শীত পোশাকের পাশাপাশি মৌসুম পরিবর্তনের কারণে বিভিন্ন ফ্যাশন হাউস ও বিপণিবিতানে নির্বাচিত পোশাকেও ছাড় দিচ্ছে।

নিউ মার্কেটের একটি ব্র্যান্ডের শোরুমে শীত পোশাক কিনতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য মাস্টার্স শেষ করা রবিউল ইসলাম নামে এক শিক্ষার্থী। তিনি বলেন, শীতের পোশাক দেখতে এসেছি। শীতের শুরুতে এবং শেষে শোরুমগুলোতে একটু ছাড় থাকে।

সাধ্যের মধ্যে থাকলে একটা কিনব। আর শীত পোশাক তো এক বছরেই নষ্ট হয় না, অনেক দিন যায়। এজন্য একটু ভালো মানের পোশাক কেনার ইচ্ছে আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শোরুমটির এক সেলসম্যান বলেন, আমাদের এখানে প্রায় সব পণ্যই চায়না থেকে আসে। কোম্পানি অর্ডার দিয়ে তৈরি করিয়ে নিয়ে আসে। গত বছরের শীতের যে অল্প কিছু পোশাক রয়ে গেছে, সেগুলোতে প্রায় ৪০ শতাংশ ছাড় চলছে।

নতুন পোশাকগুলোর দাম ২৬০০ টাকা থেকে শুরু, ছয়-সাত হাজার টাকা পর্যন্ত আছে। এখনো সেভাবে বিক্রি হয়নি। গত ১৫-২০ দিন দু-একটি করে বিক্রি হচ্ছে।

শীত শুরু হলে বিক্রি বাড়বে। শুধু বিদেশি নয়, দেশি ব্র্যান্ডের শোরুমগুলোতেও শীতের সংগ্রহ সাজানো হচ্ছে। এসব শোরুমে সব বয়সি নারী-পুরুষ ও শিশুদের জন্য আলাদা সংগ্রহ রাখা হচ্ছে।

ক্রেতারা এসব পোশাকের নকশা, কাপড়ের মান এবং সেলাইয়ের পাশাপাশি আরামদায়ক ব্যবহারের বিষয়টিতেও গুরুত্ব দিচ্ছেন। শোরুমে নির্দিষ্ট মাপ, রঙ ও নকশার পোশাক বেছে নেওয়ার সুযোগ থাকায় অনেক ক্রেতা ব্র্যান্ডের দোকানকে প্রাধান্য দিয়ে থাকেন। নিউ মার্কেটের জিকে ফ্যাশনের মালিক আব্দুল ওয়াদুদ বলেন, শুধু দেশি পোশাক দিয়ে ব্যবসা চলে না।

দেশি-বিদেশি মিলিয়েই দোকান সাজাতে হয়। বিভিন্ন পার্টি আছে, আমরা তাদের কাছ থেকে দেশি-বিদেশি পণ্য সংগ্রহ করি। ক্রেতাদের সব ধরনেরই দেখানো হয়, এর মধ্যে তারা দামের সঙ্গে মিল হলে পছন্দ করে নিয়ে নেন।

নিম্ন আয়ের মানুষের ভরসা পুরোনো পোশাক। তবে সবার পক্ষে শোরুমে গিয়ে পোশাক কেনা সম্ভব নয়। নিত্যপণ্যের ব্যয় ও সীমিত আয়ের মধ্যে শীত পোশাক কেনা অনেক পরিবারের জন্য বাড়তি চাপ।

ফলে কম দামে পোশাক পাওয়ার আশায় নিম্ন আয়ের ক্রেতাদের একটি অংশ ঝুঁকছেন ফুটপাতের দোকানগুলোয়। গুলিস্তান, পল্টন, নিউ মার্কেটের আশপাশের ফুটপাত ও বিভিন্ন পুরোনো কাপড়ের দোকানে দেশি-বিদেশি পোশাক কিনতে ক্রেতাদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। জ্যাকেট, সোয়েটার, হুডি, শিশুদের গরম পোশাক, শাল ও অন্যান্য শীতের সামগ্রী তুলনামূলক কম দামে কেনার সুযোগ থাকায় এসব দোকান তাদের কাছে প্রথম পছন্দ।

অবশ্য ক্রেতারা দামের সঙ্গে পোশাকের মান, স্থায়িত্ব, রঙ ইত্যাদি বিবেচনা করছেন। একই ধরনের জ্যাকেট বা সোয়েটারের দাম কাপড়ের মান, ব্র্যান্ড, ব্যবহারজনিত অবস্থা ও নকশাভেদে আলাদা আলাদা হয়ে থাকে। পছন্দ ও মান বিষয়ে ক্রেতা-বিক্রেতাদের দরকষাকষি করতে দেখা গেছে।

ফুটপাতে নারীদের পুরাতন কাপড় নিয়ে বসা মাহবুব হোসেন বলেন, আমার কাছে শুধু মেয়েদের পুরাতন শীত পোশাক রয়েছে। ২০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি করছি। প্রতিদিন ভালোই বেচাবিক্রি হচ্ছে।

ভালো বেচাকেনার কারণ জানতে চাইলে তিনি বলেন, এসব কম টাকার কাপড় যারা ক্রয় করেন, তাদের মার্কেটের ভেতরে যাওয়ার সাধ্য নেই। এখানে আসা সবাই গরিব মানুষ। তারা অল্প দামে পেয়ে একেকজন দু-তিনটি করে কিনে নিয়ে যাচ্ছেন।

শীত ও ঈদ ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা। বাজারে দেশি-বিদেশি ও পুরোনো পোশাকের এই বৈচিত্র্য শীতের কেনাকাটায় ক্রেতাদের সামনে একাধিক বিকল্প তৈরি করেছে। একদিকে নকশা ও মানের জন্য ব্র্যান্ডের শোরুমে আগ্রহী ক্রেতা, অন্যদিকে সীমিত বাজেটে প্রয়োজন মেটাতে ফুটপাত ও পুরোনো পোশাকের দোকানে ভিড় করেন অনেকে।

ফলে শীত পোশাকের বাজারে ক্রেতার সামর্থ্য, পছন্দ ও প্রয়োজন অনুযায়ী আলাদা বাজার তৈরি হয়েছে। আবার বিপণিবিতানগুলোতে ব্যবসায়িক মন্দা পুষিয়ে নিতে শীত ও ঈদ সামনে রেখে আশায় বুক বাঁধছেন দোকানি ও ব্যবসায়ীরা। প্রিয়াঙ্গন শপিং সেন্টারের শুভ ফ্যাশনের মালিক দিলদার আহমেদ বলেন, ব্যবসার সার্বিক পরিস্থিতি খুব একটা ভালো নয়।

আমরা স্যুট, কোর্ট, কোটি, পাঞ্জাবি, শেরওয়ানি ইত্যাদি বিক্রি করে থাকি। এসব পণ্যের চাহিদা সারা বছরই টুকটাক থাকে। তবে শীতের শুরু ও শেষদিকে স্যুট এবং কোটের চাহিদা বেশি থাকে।

সারা বছর লোকসান দিয়ে দোকান টিকিয়ে রেখেছি। এবার শীত ও ঈদ প্রায় একসঙ্গে। আশা করি এবার লোকসান কাটিয়ে উঠতে পারব।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV