বনানী কবরস্থানের সংরক্ষিত এলাকায় ১৫ বছর মেয়াদি একটি কবরের জন্য ফি নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা। আর ২৫ বছর মেয়াদি কবরের জন্য দিতে হবে দেড় কোটি টাকা। ঢাকা শহরের ধনী-গরিব সবার জন্য কবরের ব্যবস্থা নিশ্চিত করা এবং কবর সংরক্ষণে নগরবাসীকে নিরুৎসাহিত করতে এ ধরনের ফি নির্ধারণ...
বনানী কবরস্থানের সংরক্ষিত এলাকায় ১৫ বছর মেয়াদি একটি কবরের জন্য ফি নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা। আর ২৫ বছর মেয়াদি কবরের জন্য দিতে হবে দেড় কোটি টাকা। ঢাকা শহরের ধনী-গরিব সবার জন্য কবরের ব্যবস্থা নিশ্চিত করা এবং কবর সংরক্ষণে নগরবাসীকে নিরুৎসাহিত করতে এ ধরনের ফি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান।
আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। মন্ত্রী আবদুল মঈন খানের অনুপস্থিতিতে তাঁর পক্ষে প্রশ্নের জবাব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
.লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বনানী কবরস্থানের দুই-তৃতীয়াংশ এলাকায় সাধারণভাবে কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে একটি কবরের জন্য ৫০০ টাকা ফি দিতে হয়। এ ধরনের কবরের মেয়াদ দুই বছর।
অন্যদিকে সংরক্ষিত এলাকায় ১৫ ও ২৫ বছর মেয়াদে কবর দেওয়ার সুযোগ রয়েছে। এর জন্য যথাক্রমে এক কোটি ও দেড় কোটি টাকা ফি নির্ধারণ করা হয়েছে। কবর সংরক্ষণের প্রবণতা কমিয়ে কবরস্থানের জায়গা সংকুচিত হওয়া রোধ করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
.জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, প্রশাসক নিয়োগের ফলে জেলা পরিষদগুলোর কার্যক্রমে গতিশীলতা এসেছে। তাঁর মতে, প্রশাসক নিয়োগের মাধ্যমে আইনি জটিলতা দূর হওয়ায় তা পরিষদগুলোর সম্পদের অপচয় ও আর্থিক বিশৃঙ্খলা রোধেও ভূমিকা রেখেছে। নূরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন জেলা পরিষদের জনপ্রতিনিধিরা ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় অধিকাংশ পরিষদের সেবামূলক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
এতে জনসেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ বিভিন্ন আর্থিক বিষয় নিষ্পত্তি করাও কঠিন হয়ে পড়ে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের বেশ কিছু প্রকল্পও মাঝপথে আটকে যায়। এ পরিস্থিতিতে জটিলতা নিরসনে জেলা পরিষদ আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ করা হয়।
মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রশাসক নিয়োগের ফলে পরিষদগুলোর দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, ফাইল প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্থবিরতা কেটে নতুন গতিশীলতা এসেছে। পাশাপাশি বাজেট প্রণয়ন, বরাদ্দ বণ্টন এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে আইনি জটিলতা দূর হয়েছে। এতে পরিষদের সম্পদের অপচয় ও আর্থিক বিশৃঙ্খলা রোধে সহায়তা মিলেছে।
.নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি দৈবচয়নের ভিত্তিতে ৬৬টি কার্যক্রম পর্যালোচনা করে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকার সরকারি অর্থ ব্যয়ে গুরুতর অনিয়মের তথ্য পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে। অধিকতর তদন্তের জন্য প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী।
.সংসদে সম্পূরক প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন অভিযোগ করেন, গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদের (ইউপি) উন্নয়ন খাতে সরকারদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কোনো ইউনিয়নেই এ বরাদ্দ দেওয়া হয়নি। আবদুল্লাহ আল আমিন জানতে চান, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কোনো ইউনিয়নে উন্নয়নের প্রয়োজন নেই—সরকারের কাছে এমন কোনো প্রতিবেদন বা সিদ্ধান্ত রয়েছে কি না।
.জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তাঁর জানামতে, প্রশ্নকারী সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় কোনো ইউনিয়ন পরিষদ নেই। তিনি মহানগর এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। এ সময় আবদুল্লাহ আল আমিন হাত তুলে তাঁর নির্বাচনী এলাকায় ইউনিয়ন পরিষদ থাকার বিষয়টি জানান।
পরে প্রতিমন্ত্রী বলেন, সেখানে দু-একটি ইউনিয়ন পরিষদ থাকতে পারে। প্রতিমন্ত্রী আশ্বাস দেন, সব নির্বাচনী এলাকায় সমানভাবে উন্নয়ন করা হবে। বিরোধী দলের সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের এলাকার মসজিদ, মন্দির, অবকাঠামো ও ইউনিয়ন পরিষদের উন্নয়ন বরাদ্দসংক্রান্ত চিঠি আগামীকাল মঙ্গলবারের মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে।
এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা আরও কিছু বলতে চাইলে প্রতিমন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেন, তিনি পরদিন এ বিষয়ে জানাবেন। তাঁদের হতাশ না হওয়ারও আহ্বান জানান তিনি। .সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে গত তিন বছরে ২ লাখ ৫০ হাজার ৮০৯টি পরিবারকে কর্মসূচির আওতায় আনা হয়েছে।
এর মধ্যে ১৬ হাজার ১৯৪টি পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। আর্সেনিকমুক্ত পানি সরবরাহে ৩ হাজার ৫৪৪ কোটি টাকার প্রকল্পসিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, দেশের সব উপজেলায় আর্সেনিকমুক্ত পানি নিশ্চিত করতে ৩ হাজার ৫৪৪ কোটি ৭১ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন। .সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, গুলশান লেকসংলগ্ন বনানী, গুলশান ও বারিধারা এলাকার ৪ হাজার ৪০৯টি ভবন পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনে যেসব ভবনে সেপটিক ট্যাংক নেই, ট্যাংক অকার্যকর অথবা ড্রেনলাইনের সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে, সেসব ভবনের সংশ্লিষ্ট ব্যক্তিদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। .কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের ভূঁইয়ার প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, ঢাকা ওয়াসার একটি প্রকল্পের আটটি এটিএম বুথ থেকে পানির নমুনা সংগ্রহ করে ইউরোপের একটি দেশে পরীক্ষা করা হয়েছিল।
ওই পরীক্ষায় একটি নমুনায় সহনীয় মাত্রার চেয়ে বেশি পরিমাণে পিএইএস জীবাণু পাওয়া গেছে বলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তথ্য প্রকাশ করেন। তবে নমুনা সংগ্রহের বিষয়ে ঢাকা ওয়াসা অবগত ছিল না। বর্তমানে সংস্থাটির প্রায় ৩০০টি এটিএম বুথ রয়েছে।
মন্ত্রী জানান, গবেষণাটি এখনো কোনো প্রকাশনায় প্রকাশিত হয়নি। বিষয়টিকে গুরুত্ব দিয়ে ঢাকা ওয়াসা সংশ্লিষ্ট গবেষক দলের সঙ্গে যোগাযোগ করে। পরে গবেষক দল ও ওয়াসার সমন্বয়ে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সুপারিশ অনুযায়ী, পানির নমুনা সুইডেনের একটি পরীক্ষাগারে পাঠিয়ে আবার পরীক্ষা করা হবে। .কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় দেওয়া শর্ত এবং পরবর্তী সময়ে ব্যুরোর আইনানুগ নির্দেশনা অমান্য করা, ভুয়া বা জাল লেটার অব ইনটেন্ট (এলওআই) জমা দেওয়াসহ বিভিন্ন কারণে এসব এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানান মন্ত্রী।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!