পেঁয়াজ উৎপাদন হোঁচট খাওয়ার শঙ্কা

পেঁয়াজ। ছবি: সংগৃহীতপেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ পুরোপুরি স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে থাকলেও এই খাতে কৃষকদের দেওয়া প্রণোদনা হঠাৎ বন্ধ করে দিয়েছে সরকার। এতে পেঁয়াজের উৎপাদন মুখ থুবড়ে পড়ার পাশাপাশি দেশ আবার আমদানিনির্ভর হয়ে পড়ার আশঙ্কা করছেন কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্টরা।
ছবি: সংগৃহীতপেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ পুরোপুরি স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে থাকলেও এই খাতে কৃষকদের দেওয়া প্রণোদনা হঠাৎ বন্ধ করে দিয়েছে সরকার। এতে পেঁয়াজের উৎপাদন মুখ থুবড়ে পড়ার পাশাপাশি দেশ আবার আমদানিনির্ভর হয়ে পড়ার আশঙ্কা করছেন কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। সূত্র জানিয়েছে, কৃষি মন্ত্রণালয় গত ২ নভেম্বর রবি মৌসুমের সাতটি ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে প্রায় ১৯৯ কোটি টাকার কৃষি প্রণোদনার সরকারি আদেশ (জিও) জারি করে।
এর আওতায় সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও অড়হর চাষের জন্য কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হলেও পেঁয়াজের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। এমনকি সরকারের নীতিগত পরিকল্পনা অনুযায়ী অন্যান্য শস্যের প্রণোদনাও পর্যায়ক্রমে বন্ধের চিন্তা রয়েছে বলে কৃষি মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক সূত্র নিশ্চিত করেছে। উৎপাদনে অগ্রগতি ও বর্তমান চ্যালেঞ্জ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে পেঁয়াজ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছিল ৩৯ লাখ ১১ হাজার ২০০ টন। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৪৪ লাখ ৪৮ হাজার ৭০০ টনে।
সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন হয়েছে ৫০ লাখ ৯০ হাজার ৯০০ টন। অর্থাৎ দুই বছরের ব্যবধানে উৎপাদন ১১ লাখ ৭৯ হাজার ৭০০ টন বা প্রায় ৩০ শতাংশ বেড়েছে। প্রাপ্ত তথ্যমতে, পেঁয়াজ উৎপাদনের এই অগ্রগতির পেছনে কৃষকদের পাশাপাশি সরকারের প্রণোদনা ও নীতিগত সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
২০২৫-২৬ অর্থবছরে পেঁয়াজ উৎপাদনে এক লাখ ৪১ হাজার ৯০০ কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছিল। তবে চলতি অর্থবছরের নতুন কর্মসূচিতে পেঁয়াজ অন্তর্ভুক্ত না হওয়ায় উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কৃষকের লোকসান ও প্রণোদনার প্রয়োজনীয়তা।
কৃষিসংশ্লিষ্টদের মতে, এক কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ হয় ৪০-৪২ টাকা। অথচ মৌসুমের শুরুতে আড়তে প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১,০০০ টাকায় (কেজিপ্রতি ২০-২৫ টাকা) বিক্রি করতে হয়। পচনশীল পণ্য হওয়ায় কৃষক মৌসুমেই তা বিক্রি করতে বাধ্য হন।
ফলে কেজিপ্রতি প্রায় ২০ টাকা পর্যন্ত লোকসানের মুখে পড়েন তারা। এই ক্ষতি পুষিয়ে নিতে বিনামূল্যে বীজ, সার ও এয়ারফ্লো মেশিনের মাধ্যমে সংরক্ষণ সুবিধা দেওয়ার কর্মসূচিটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে আসছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সরেজমিন উইংয়ের সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দীন আমার দেশকে বলেন, পেঁয়াজের প্রণোদনা ও সংরক্ষণ বাবদ সরকারের বার্ষিক খরচ মাত্র ২০-৩০ কোটি টাকা হলেও এর বিপরীতে দেশের প্রায় ৩০ হাজার কোটি টাকার আমদানি ব্যয় সাশ্রয় হয়েছে।
তাই এই স্থিতিশীলতা বজায় রাখতে কৃষকদের মাঝে বীজ, সার ও এয়ারফ্লো মেশিনের প্রণোদনা অন্তত আরো পাঁচ বছর অব্যাহত রাখা আবশ্যক। অন্যথায় পুনরায় সিন্ডিকেট ও আমদানিচক্রের খপ্পরে পড়তে হতে পারে। কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম আমার দেশকে বলেন, সেচ ও সারসহ উপকরণের মূল্যবৃদ্ধির কারণে পেঁয়াজ চাষে কৃষকদের খরচ বহুলাংশে বেড়েছে।
এই পরিস্থিতিতে সরকারি আর্থিক সহায়তা ও ভর্তুকি বন্ধ করা হলে কৃষকরা চাষাবাদে উৎসাহ হারাবেন এবং দেশের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। দেশ এখনো পুরোপুরি উদ্বৃত্ত পর্যায়ে পৌঁছায়নি উল্লেখ করে তিনি এই সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বলে অভিহিত করেন। উৎপাদন ব্যয়ের চাপের কথা তুলে ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পেঁয়াজচাষি গোলাম মাওলা আমার দেশকে বলেন, উৎপাদন খরচ ও প্রতিকূলতার মধ্যেও কৃষকরা পেঁয়াজ চাষ চালিয়ে যাচ্ছেন।
আগে সরকার থেকে পেঁয়াজ চাষের জন্য ১০ কেজি ডিএপি, ১০ কেজি ইউরিয়া সার ও এক কেজি বীজ দেওয়া হতো। প্রণোদনা বন্ধ হলে বাজার থেকে বেশি দামে সার ও বীজ কিনতে হবে, যা কৃষকদের আর্থিক চাপ আরো বাড়িয়ে দেবে। শুধু রাজবাড়ী নয়, ফরিদপুর ও পাবনার কৃষকরাও পেঁয়াজ উৎপাদনে সরকারি সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এদিকে পেঁয়াজে প্রণোদনা না রাখার বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফিল্ড সার্ভিসেস উইংয়ের পরিচালক কৃষিবিদ ওবায়দুর রহমান মণ্ডল আমার দেশকে বলেন, এটি মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের নীতিগত সিদ্ধান্ত। তবে উৎপাদনের ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং আমদানিনির্ভরতা এড়াতে স্বয়ংসম্পূর্ণতা পুরোপুরি অর্জিত না হওয়া পর্যন্ত পেঁয়াজ খাতে আর্থিক সহায়তা ও ভর্তুকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন কৃষক ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।




মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।