কল্যাণী কাজী কবি নজরুলের পুত্র কাজী অনিরুদ্ধর স্ত্রী। নজরুল-পরিবারের কিছু অন্তরঙ্গ স্মৃতিচারণা করেছেন তিনি এ লেখায়। লেখাটি প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছিল ১৯৯৯ সালের ২১ মে নজরুলের জন্মশতবর্ষ উপলক্ষে। এত দিন ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ অনলাইন পাঠকের ...
কল্যাণী কাজী কবি নজরুলের পুত্র কাজী অনিরুদ্ধর স্ত্রী। নজরুল-পরিবারের কিছু অন্তরঙ্গ স্মৃতিচারণা করেছেন তিনি এ লেখায়। লেখাটি প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছিল ১৯৯৯ সালের ২১ মে নজরুলের জন্মশতবর্ষ উপলক্ষে।
এত দিন ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো। রবিকরোজ্জ্বল শান্ত অচঞ্চল বাংলা কাব্যে বয়ে এনেছিলেন কালবৈশাখীর ঝড়। পরাধীন দেশে জড়তাগ্রস্ত সমাজের বুকে সঞ্চারিত করেছিলেন নবযৌবনের শোণিতধারা।
রক্তের আখরে সৃষ্ট তাঁর কবিতা, গান বাঙালির হৃদয়ে জাগিয়েছিল নতুন প্রাণের স্পন্দন। নিতান্ত ছেলেবেলাতেই কাজী নজরুল ইসলামের নামের সঙ্গে আমার পরিচয় হয় বেশ কয়েকটা কবিতা পাঠের ভেতর দিয়ে। সেই সময় জেনেছিলাম, তিনি একজন মস্ত কবি।
তবে তাঁকে বিদ্রোহী কবি কেন বলা হতো, তা বোঝার মতো বয়েস বা বুদ্ধি কোনোটাই আমার হয়নি। ‘প্রভাতী’, ‘লিচুচোর’ ইত্যাদি যেসব কবিতা তখন পড়েছি, সেগুলোর মধ্যে বিদ্রোহের কোনো ব্যাপারই ছিল না। তাঁকে বিদ্রোহী কবি কেন বলা হয়, তা বুঝেছি কৈশোর পেরিয়ে যৌবনের দোরগোড়ায় পৌঁছানোর পর যখন তাঁর ‘অগ্নিবীণা’, ‘বিষের বাঁশি’, ‘সর্বহারা’ প্রভৃতি কাব্যগ্রন্থ এবং কবিতা সংকলন ‘সঞ্চিতা’র অন্তর্ভুক্ত কবিতাগুলোর রসাস্বাদন করলাম।
পরাধীনতার জ্বালা তাঁর অন্তরে কী তীব্র দেশপ্রেম জাগিয়েছিল, সেটা উপলব্ধি করলাম। সেই সময় বা কিছু পরে তাঁর জীবন ও তাঁর সমকালকে জানলাম তাঁকে নিয়ে লেখা নানা ধরনের রচনা পাঠের ভেতর দিয়ে। কী রোমাঞ্চকর আর বিচিত্র অধ্যায়ে ধৃত তাঁর জীবন ও সাহিত্য।
মাত্র ২৩ বছরের সৃজনশীল জীবনে যে ব্যাপক পরিচিতি তাঁর ছিল, তার চেয়ে নিন্দে অপমান তাঁর ভাগ্যে কিছু কম জোটেনি। তবু প্রচুর তিক্ত অভিজ্ঞতার মধ্যেও অদ্ভুত প্রাণবন্ত পুরুষ ছিলেন তিনি। নজরুলজীবনের বিচিত্র স্রোতোধারা মিলেমিশে যে মূর্তি আজ আমাদের সামনে রূপায়িত হয়েছে, তার সকল বর্ণনা ছাড়িয়ে মানুষের ভালোবাসায় অভিষিক্ত এই কবি স্বমহিমায় ভাস্কর হয়ে উঠেছেন।
মানুষের মনে কালের প্রাচীরপত্রে তাঁর অধিষ্ঠান চিরকালীন। আজ কৈশোর যৌবন পেরিয়ে প্রৌঢ়ত্বের দ্বারপ্রান্তে পৌঁছে দেখি, নজরুল আমার চেতনায় মিলেমিশে একাকার হয়ে গেছেন। তাঁকে বাদ দিয়ে আমার অস্তিত্বের কথা আজ আর আমি চিন্তাই করতে পারি না।
.আমার জীবনে নজরুল দেখা দিয়েছিলেন ‘মৌন-সুন্দর’ রূপে। তাঁকে যখন প্রথম দেখলাম, তখন তাঁর মাথায় ছিল না ঝাঁকড়া চুলের রাশি বা বড় বড় দীঘল কালো চোখে চঞ্চল দৃষ্টি। মৌন, কিন্তু অদ্ভুত মুখর ছিলেন তিনি।
প্রথম যখন তাঁর সামনে গেলাম, তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাঁর ছোট ছেলে অনিরুদ্ধর দিকে তাকালেন। অনিরুদ্ধ হেসে বললেন, ‘বাবা, আমার বউ। ’ তিনি হেসে সম্মতিসূচক মাথা নাড়লেন।
এ পরিবারে আমার অধিকার সুপ্রতিষ্ঠিত হলো। .সেটা ছিল ১৯৫১ সালের শেষের দিক। রাঁচিতে বেড়াতে গিয়ে হঠাৎই আলাপ হয়ে গেল কাজী নজরুল ইসলামের ছোট ছেলে সুদর্শন কাজী অনিরুদ্ধর সঙ্গে।
বিদেশি বাদ্যযন্ত্র গিটারকে তিনি এ দেশে জনপ্রিয় করেছিলেন তাঁর দক্ষ হাতের জাদুস্পর্শে। গিটারে যেকোনো ভারতীয় গানের সুর বাঙ্ময় হয়ে উঠত তাঁর বাজনায়। সময়টা ছিল বাংলা গানের স্বর্ণময় যুগ।
স্বাভাবিক কারণেই ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলাম গানবাজনার সঙ্গে। গুরু হিসেবে পেয়েছি শ্রদ্ধেয় শ্রী ধীরেন্দ্রচন্দ্র মিত্র, শ্রী দ্বিজেন মুখোপাধ্যায় প্রমুখকে। আগেই আমি অনিরুদ্ধর গুণগ্রাহী ছিলাম, রাঁচিতে এই যশস্বী শিল্পীকে সামনাসামনি দেখে প্রচণ্ড ভালো লেগে গেল।
আমি গান গাইতাম, তিনি গিটারে সহযোগিতা করলেন। ১৫–১৬ বছরের জীবনে সে এক দারুণ অভিজ্ঞতা। কিন্তু বুঝতে পারিনি, আমার মতো একজন সাধারণ মেয়েকে তিনি গভীরভাবে ভালোবেসে ফেলবেন।
প্রথমে মনে হয়েছিল, এটা নিছকই শিল্পীর খেয়াল। কিন্তু যত দিন যেতে লাগল, বুঝতে পারলাম—আমায় নিয়ে তিনি গভীরভাবে চিন্তা শুরু করেছেন। দিনে দিনে তাঁর দরদি মনের পরিচয় পেয়ে মুগ্ধ হলাম।
তাঁরই অনুপ্রেরণায় মনে জন্মেছে আত্মবিশ্বাস, শিখেছি প্রতিকূলতার সঙ্গে লড়াই করে জয়ী হতে। .পারিবারিক জীবনে নজরুল কোনো ধারাবাহিকতা আনতে পারেননি। অর্থসংকট, প্রাণাধিক প্রিয় পুত্র বুলবুলের অকালমৃত্যু, স্ত্রীর অসুস্থতা—এ সবই তাঁর স্পর্শকাতর সংবেদনশীল মনকে ব্যথিত করেছে।
তিনি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। কাজেই নজরুলের পারিবারিক জীবনের ইমারত কখনই শক্ত ভিতের ওপর গড়ে ওঠেনি। মা অসুস্থ, চিন্তায়-ভাবনায় বাবার মস্তিষ্ক বিকৃত, দিদিমা গিরিবালা দেবী—যিনি হিন্দুঘরের একাহারী বিধবা হয়েও অসুস্থ মেয়েজামাইকে দেখাশোনা করার সঙ্গে সঙ্গে সংসারের সব ধরনের দায়দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন, তিনিও যখন নিন্দুকের বিরূপ সমালোচনা সহ্য করতে না পেরে নিরুদ্দিষ্ট হলেন, তখন অল্প বয়সে অভিভাবকহীন দুই ছেলের জীবন হলো কান্ডারিহীন নৌকার মতো।
নিজেদের প্রতিভাবলে পরবর্তীকালে নিজ নিজ ক্ষেত্রে তাঁরা স্বনামধন্য হলেও ব্যক্তিজীবনে ছিলেন পিতার পদাঙ্ক অনুসারী। তেমনই অস্থির, অমিতব্যয়ী, খেয়ালি, স্পর্শকাতর। এমন লোকের সঙ্গে ঘর করতে এসে আমায় প্রতিনিয়ত অনিশ্চয়তার সঙ্গে লড়াই করতে হয়েছে।
তবু এরই মধ্যে পেয়েছি নতুন জীবনের আস্বাদ, আনন্দ, বাবাকে সেবা করার দুর্লভ সুযোগ, সকলের প্রিয় ‘মামণি’ প্রমীলা দেবীর সস্নেহ অথচ সতর্ক দৃষ্টির আড়াল। .মায়ের শরীরের নিচের অংশ পক্ষাঘাতে অবশ হয়েছিল। প্রথম প্রথম জ্বর, তারপর সারা শরীরে ব্যথা।
তাঁকে সারিয়ে তোলার জন্য বাবা সব রকমের চিকিত্সার ব্যবস্থা করেছিলেন। এমনকি দৈবের আশ্রয় পর্যন্ত নিয়েছিলেন। কিন্তু কিছুতেই কিছু হলো না।
মা শুয়ে শুয়েই সংসারের সঙ্গে সঙ্গে বাবার সব ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতেন। শুয়ে শুয়েই অদ্ভুত প্রক্রিয়ায় সবজি কাটতেন, ছেলেদের সব ধরনের প্রয়োজনের দিকে খেয়াল রাখতেন। আমি কোনো অনুষ্ঠানে কীভাবে যাব, সে–ও তিনি ঠিক করতেন।
.১৯৫৫ সালের ২৩ ডিসেম্বর মানিকতলার ১৬ নম্বর রাজেন্দ্র লালা স্ট্রিটের বাড়িতে পাকাপাকিভাবে বাস করতে এলাম। চারতলা বাড়ির নিচে খাটাল। তিনতলায় দুটো আর চারতলায় ঘর নিয়ে ছিল কবি-পরিবারের বসতি।
ওপরে কোনো জলের ব্যবস্থা ছিল না। বাবা যখন সুস্থ ছিলেন, তখন তাঁর খাস পেয়াদা ছিল কিশোর সাউ ওরফে কুশা। যুদ্ধের সময় তারও মাথার গোলমাল দেখা দেয়।
কুশাই একতলা থেকে তিনতলায় জল তুলে আমাদের জলের চাহিদা মেটাত। তিনতলায় দুটো ঘরের মাঝখানে ছোট দালান। একতলা থেকে ওপরে ওঠার অপরিসর সিঁড়ি এসে দালানে শেষ হয়েছে।
অপেক্ষাকৃত বড় ঘরে মেঝে থেকে সামান্য উঁচু একটা চৌকিতে মামণি দরজার দিকে মাথা করে শুয়ে থাকতেন। তাঁর ঘরের সমান্তরাল ঘরটিতে বাবা থাকতেন আপন মনে। কখনো জানালার গরাদ ধরে খোলা আকাশের দিকে তাকিয়ে আপন মনে অব্যক্ত ভাষায় কী সব বলতেন আর হাসতেন।
আবার কখনো সামনে রাখা কাগজটা চোখের সামনে তুলে ধরে একদৃষ্টিতে তাকিয়ে থাকতেন। দেখা হয়ে গেলে কাগজটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে বালিশের তলায় রেখে শ্রান্ত–অবসন্ন দেহে শুয়ে পড়তেন। অপছন্দের লোক দেখলে চিত্কার করে উঠতেন।
তখন কাগজ দিলেই তিনি শান্ত হতেন। আবার পছন্দের বা চেনাজানা কোনো লোক দেখলে গুছিয়ে বসে হাসি হাসি মুখ করে তাদের আপ্যায়ন করতেন। প্রথম প্রথম জ্বর তারপর সারা শরীরে ব্যথা।
নাতি-নাতনিদের দেখাশোনা যথাযথভাবে করতে পারতেন না বলে প্রায়ই ক্ষোভ প্রকাশ করতেন। শুয়ে শুয়ে বাবার ওপর নজর রাখতেন। বাবা সারা রাত একনাগাড়ে ঘুমাতেন না।
সারা বাড়িতে ঘুরে ঘুরে বেড়াতেন। চোখের আড়াল হলেই মা ডেকে উঠতেন, ‘এদিকে এসো, শুয়ে পড়ো। ’ বাবা বাধ্য ছেলের মতো মার কথা শুনে গুটি গুটি পায়ে এসে বিছানায় শুয়ে গায়ে চাদরটা টেনে নিতেন।
খাবার দেওয়া হলে মা বাবাকে খেতে আসার জন্য ডাকতেন। যতক্ষণ না আসন পাতা হতো, বাবা চুপটি করে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকতেন। আসন পাতা হলে তাতে বসে সামনে রাখা ভাতের থালা থেকে ভাত নিয়ে খুব তাড়াতাড়ি খাওয়া শুরু করতেন।
গলায় খাবার আটকে যেত, তাই মা খাইয়ে দিতেন। প্রয়োজনে বউদের হাতেও খেতে আপত্তি করতেন না। বাবার পালিতা কন্যা শান্তিলতা দাশগুপ্তের কাছে শুনেছি, বাবা যখন সুস্থ ছিলেন, তখন পোশাক-পরিচ্ছদ এবং দেহচর্চায় বা খাওয়া-দাওয়ায় খুবই পরিপাটি ছিলেন।
.বিয়ের পরপরই আমাদের কোনো আলাদা ঘর ছিল না। বাবাকে মায়ের ঘরে এনে আমরা বাবার ঘরে শুতে যেতাম। সারা দিন মায়ের ঘরে হইচই করে বা তাঁর পাশে শুয়ে গল্প করে আর গল্প শুনে কাটিয়ে দিতাম।
এ পরিবারে আয়ের চেয়ে বরাবরই ব্যয় বেশি। কত লোক যে তাদের সুবিধার জন্য এ বাড়িতে থেকেছে, খেয়েছে, তা বলে শেষ করা যাবে না। মাকে প্রায়ই দুশ্চিন্তাগ্রস্ত হতে দেখেছি।
কিন্তু তার মুখে হাসিটি লেগেই থাকত। মাঝেমধ্যেই পরিস্থিতি সামাল দিতে তাঁর হাতের দু-গাছা সোনার চুড়ি উধাও হয়ে যেত। .এ পরিবারে আয়ের চেয়ে বরাবরই ব্যয় বেশি।
কত লোক যে তাদের সুবিধার জন্য এ বাড়িতে থেকেছে, খেয়েছে তা বলে শেষ করা যাবে না। মাঝেমধ্যেই পরিস্থিতির সামাল দিতে তাঁর হাতের দু-গাছা সোনার চুড়ি উধাও হয়ে যেত। .এমনই কতশত স্মৃতি মালা গেঁথে চলেছি ‘হারানো হিয়ার নিকুঞ্জপথে’।
জন্মশতবর্ষে জন্মদিনের কথা দিয়েই শেষ করি। বাবার জন্মদিনে সকাল থেকেই বাড়ি ভরে উঠত অতিথি-অভ্যাগতের ভিড়ে। বাড়ির সামনে জ্যৈষ্ঠের তাপ উপেক্ষা করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতেন কবি-অনুরাগীরা তাঁকে চোখের দেখা দেখতে, শ্রদ্ধা জানাতে।
তাঁদের কারও হাতে থাকত রজনীগন্ধা, আবার কারও হাতে পথের ধারে ফোটা নাম না–জানা ফুলের ডালা। বাবাও সেদিন খুশি মনে স্নান সেরে, নতুন জামা কাপড় পরে, কপালে চন্দন-তিলক এঁকে, রজনীগন্ধার মালা গলায় দুলিয়ে ফুলের জলসায় গিয়ে বসতেন। সামনে রাখা হারমোনিয়ামটা দেখিয়ে ইশারায় গান গাইতে বলতেন।
সকালে প্রথম গানটা আমিই শোনাতাম। সারা দিন ধরে চলত গানের আসর। কখনো খুশি হয়ে গলার মালা শিল্পীর দিকে ছুড়ে দিতেন।
শিল্পী পরম শ্রদ্ধায় মাথা পেতে সেই দান গ্রহণ করতেন। ছন্দবহুল গানই ছিল তাঁর পছন্দের। দুই চোখ দিয়ে গড়িয়ে পড়ত জলের ধারা।
.নজরুল জন্মশতবর্ষে নানা অনুষ্ঠানের ভেতর দিয়ে তাঁকে স্মরণ করা হচ্ছে দু–পার বাংলাতেই। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বুঝেছি, আপামর জনগণের মনে নজরুল–ভাবধারা যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। তাঁর নামে উত্সর্গীকৃত রক্তদান শিবিরে গিয়ে দেখেছি, হিন্দু-মুসলমান–নির্বিশেষে সবাই রক্তদান করছেন।
এই সম্প্রীতিই তো তাঁর কাম্য ছিল। তাঁর নামে জাতীয় সংহতি দিবস পালিত হচ্ছে, তাঁর জীবন ও রচনার বিভিন্ন দিক নিয়ে বিদগ্ধজনেরা আলোচনা করছেন, প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিশুদ্ধভাবে নজরুলসংগীত পরিবেশনার প্রবণতা দেখা যচ্ছে। দেরিতে হলেও নজরুলচর্চা ক্রমবর্ধমান।
যত দিন বাংলা ভাষা থাকবে, তত দিন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাম তারুণ্যের প্রতীক হিসেবে জনমানসে দীপ্যমান হয়ে থাকবে। সৌজন্যে: নজরুল ইনস্টিটিউট।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!