ছুটির ঘণ্টা বাজলেই মনটা পথে নামতে চায়। আমাদের দেশটা এত সুন্দর যে ঘুরে না দেখাই বরং অপূর্ণতা। সেমিস্টার ব্রেক আর পূজার ছুটি একসঙ্গে মিলে যাওয়ায় আর দেরি করিনি। গন্তব্য ঠিক হলো রাঙামাটি ও কাপ্তাই।
প্রথমে পরিকল্পনা ছিল শুধু আমার আর আমার বড় বোন মুমুর। দুজনই ছোটবেলা থেকে ভ্রমণপিপাসু। স্কুলের ছুটি পড়লেই আমাদের মন অচেনা কোনো পথে ছুটত, সেই অভ্যাস আজও বদলায়নি। পরে দলে যোগ দিল দুই বন্ধু বায়েজীদ ও হাজবী। আপুও ঠিক তখনই পূজার ছুটি পেয়েছে। সব হিসাব এমনভাবে মিলে গেল যেন পাহাড় নিজেই ডাক দিয়েছে।
রাত ১০টার বাসে সায়েদাবাদ ছেড়ে রওনা হলাম চট্টগ্রামের দিকে। রাঙামাটির সরাসরি বাস পাইনি, তাই চট্টগ্রাম হয়ে যাওয়া। সেখান থেকে রাঙামাটি সদর, তারপর লঞ্চে চেপে রিজাব বাজার। লঞ্চের দুই পাশে পানি আর সবুজ পাহাড়ের সারি, বাসের ক্লান্তি কখন হারিয়ে গেল টেরই পেলাম না।
লঞ্চের ডেকে দাঁড়িয়ে হাওয়ায় চুল উড়ছে, আর আমরা ছবি তুলতে তুলতে হেসে গড়িয়ে পড়ছি। রিজাব বাজার থেকে পৌঁছালাম লংগদু উপজেলার কাপ্তাই ইকো ভ্যালি রিসোর্টে। আমাদের থাকার জায়গা ছিল জুমঘর, বাঁশ আর খড়ের তৈরি, লেকের ওপর দাঁড়িয়ে আছে। কাঠের সাঁকো বেয়ে ঘরে যেতে হয়, নিচে টলটলে কাপ্তাই লেকের জল।
পৌঁছেই নেমে পড়লাম লেকে। লাইফবয়ার ভেলায় ভেসে দুই হাত ছড়িয়ে আকাশের দিকে মুখ তুললে মনে হয়, পুরো পৃথিবীটাই নিজের। পাড় থেকে বন্ধুদের হইহল্লা আর হাসির শব্দ ভেসে আসছিল। গোসল সেরে বসলাম দুপুরের খাবারে। সাদা ভাত, ছোট মাছ ভাজা, ঝাল চিংড়ি আর পেঁয়াজে ভাসা মাছের ঝোল। সঙ্গে সবজি আর ডাল। সাধারণ রান্না, কিন্তু লেকের হাওয়ায় বসে খেলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়।
বিকেলে কাপ্তাই ইকো ভ্যালির ভেতরে ঘুরে বেড়ালাম। বিশাল গাছের ছায়া, লেকের ধারে দোলনা, ঘাসে ঢাকা সবুজ মাঠ আর দূরে নীল পাহাড়ের রেখা। কেউ কেউ আবার সাঁকোর ওপর বসে চুপচাপ জলের দিকে তাকিয়ে রইল। সূর্য ডুবতেই আকাশ কমলা থেকে গোলাপি হয়ে ধীরে ধীরে নীল হয়ে এল। জলের ধারে দাঁড়িয়ে সেই রং দেখতে দেখতে কেউ কোনো কথা বলেনি।
সবচেয়ে সুন্দর ছিল রাত। শহরের আলো থেকে বহু দূরে, মাথার ওপর ছড়িয়ে ছিল অগণিত তারা। বাঁশের ঘরগুলোর ভেতর থেকে কমলা আলো বেরিয়ে আসছে, আর তার ওপরে নক্ষত্রভরা আকাশ। লেকের ধারে দুটি বিশাল গাছের ওপর বানানো ট্রি হাউজে উঠে বসলাম। নিচে অন্ধকার জল, ওপরে তারার চাদর, আর আমরা কয়েকজন চুপচাপ বসে আছি। মাঝেমধ্যে কেউ একটা মজার কথা বলে ফেলছে, আর নিস্তব্ধ রাতে আমাদের হাসি ছড়িয়ে যাচ্ছে লেকের ওপারে। এমন রাত ক্যামেরায় ধরা যায়, কিন্তু অনুভূতিটা ধরা যায় না।
সকালে আবার ফিরে এলাম রাঙামাটি সদরে। পরদিন রওনা দিলাম কামিলা ছড়িতে অবস্থিত রোমিও–জুলিয়েট রিসোর্টের দিকে। সেখানে যেতে হয় সিএনজিতে, পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা পথে। প্রতিটি বাঁকে নতুন দৃশ্য, একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে নিচে ছড়িয়ে থাকা লেক। সিএনজির ঝাঁকুনিতে আমরা একে অপরের গায়ে গড়িয়ে পড়ছি। রাঙামাটির সৌন্দর্য দেখতে দেখতে কখন পৌঁছে গেলাম, বুঝতেই পারিনি।
পাহাড়ের চূড়ায় আমাদের জন্য অপেক্ষা করছিল পট হাউজ। সেখান থেকে কাপ্তাই লেক দেখা যায় একেবারে সামনে। সবুজ দ্বীপের মতো ছোট ছোট টিলা, চারপাশে নীলচে–সবুজ জল, ওপরে মেঘছোঁয়া আকাশ। বাঁশের মাচায় সবাই পাশাপাশি বসে অনেকক্ষণ শুধু তাকিয়ে রইলাম। কেউ কাঁধে হাত রাখল, আর একজন পেছন ফিরে এমন একটা হাসি দিল, যেটা ক্যামেরায় বন্দী হয়ে রইল চিরদিনের জন্য।
কামিলা ছড়ি পাড়ায় বসবাস চাকমা সম্প্রদায়ের মানুষের। তাঁদের ঐতিহ্য ও সংস্কৃতির কাছাকাছি যেতে পারা ছিল এই ভ্রমণের এক বড় পাওনা। পাহাড়ি খাবারের স্বাদও নিলাম, যা ছিল সত্যিই উপভোগ্য। রাত হলে শুরু হলো আড্ডা, খুনসুটি ও গান শোনা। পাহাড়ের নিস্তব্ধতায় সেই হাসি আর সুর আজও কানে বাজে।
দুই দিনের এই ছোট সফরে পাহাড় আর লেক, দুই জায়গার সৌন্দর্যই মন কেড়ে নিয়েছে। আমরা প্রত্যেকে নিজের মতো করে সময়টা উপভোগ করেছি। কেউ লেকের ধারে বসে সূর্যাস্ত দেখেছে, কেউ চোখ বন্ধ করে সকালের রোদ গায়ে মেখেছে, কেউ দুই হাত ছড়িয়ে প্রকৃতিকে আলিঙ্গন করেছে।
ভ্রমণ শুধু নতুন জায়গা দেখার নাম নয়, নিজেকে চিনতেও শেখায়। শহরের কোলাহল থেকে দূরে, পাহাড়ের নীরবতায় আর লেকের ঢেউয়ের পাশে বসলে নিজের ভেতরের কথাগুলো স্পষ্ট শোনা যায়। যে আমি রোজকার দৌড়ঝাঁপে হারিয়ে যাই, সে আমি পথে নেমে আবার নিজের সঙ্গে দেখা করে। কী ভালোবাসি, কী চাই, কিসে মন শান্ত হয়—সবকিছু নতুন করে বুঝতে পারি। পথই আমাদের সবচেয়ে বড় শিক্ষক।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!