পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়ন ভারত
প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও শিরোপা জেতা হলো না পাকিস্তানের। শিরোপা জিতে ইতিহাস গড়ল ভারত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফাইনালে ১০ জনের পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার সাফের শিরোপা ঘরে তুলেছে ভারত।ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ে ভারত। তবে বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে চমক দেখায় পাকিস্তান। প্রথমার্ধের যোগ করা সময়ে আলমগীর গাজীর গোলে এগিয়ে যায় চাঁদ-তারার দল। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান।দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণের ধার বাড়ায় ভারত।
তবে ম্যাচের ৫৯ মিনিটে বড় ধাক্কা খায় পাকিস্তান। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলটির ফুটবলার জুনায়েদকে। একজন কম নিয়ে খেলতে হওয়ায় বাকি সময়ে চাপ সামলানো কঠিন হয়ে পড়ে পাকিস্তানের জন্য।এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফেরে ভারত। সন্দীপ মান্ডির গোলে সমতায় ফেরে দলটি।
এরপর জয়ের লক্ষ্যে আক্রমণ অব্যাহত রাখে তারা। শেষ পর্যন্ত সুহাইল ভাটের গোলে এগিয়ে যায় ভারত। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।এই জয়ের মধ্য দিয়ে সাফের শিরোপা ধরে রাখার পাশাপাশি টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখাল ভারত।এইচএসএস
মতামত দিন