সরকার গঠনে নেতানিয়াহুর দলকে আলোচনায় ডাকলেন আইজেনকোট
ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট জোট সরকার গঠনের আলোচনায় দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার আইজেনকোটের দল ইয়াশার এ তথ্য জানিয়েছে। দলটি জানায়, রোববার থেকে শুরু হতে যাওয়া এ আলোচনা নতুন সরকার গঠনে সর্বোচ্চসংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার আন্তরিক অঙ্গীকারেরই প্রতিফলন। সাবেক সেনাপ্রধান আইজেনকোটের আগামী মাস পর্যন্ত সময় রয়েছে নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হয়ে নতুন সরকার গঠনের।
অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবারের এ ঘোষণা এমন এক সময়ে এলো, যখন নেতানিয়াহুবিরোধী রাজনৈতিক শিবিরের মধ্যে জোট গঠন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। অতিধর্মীয় দল ও আরব সংখ্যাগরিষ্ঠতাভিত্তিক তালিকার সঙ্গে জোট করা হবে, নাকি নেতানিয়াহুর শিবিরের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে, তা নিয়ে শিবিরটির মধ্যে বিভক্তি রয়েছে। এক বিবৃতিতে ইয়াশার পার্টি জানায়, নতুন সরকার গঠনের সব ধরনের সম্ভাবনা কাজে লাগানোর অংশ হিসেবে দলীয় প্রধান গাদি আইজেনকোট তার আলোচক দলকে লিকুদ পার্টির প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক ও দীর্ঘ আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন।
রোববার পূর্বনির্ধারিত বৈঠকের মধ্য দিয়ে এ আলোচনা শুরু হবে। বিবৃতিতে আরো বলা হয়, সরকার গঠনের পথে সম্ভাব্য সব উদ্যোগ নেওয়া হবে এবং প্রয়োজনীয় সমঝোতায় পৌঁছাতে কোনো চেষ্টাই বাদ রাখা হবে না। এদিকে আইজেনকোটের রাজনৈতিক শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার ‘জায়নবাদী ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী, আইজেনকোটের নেতৃত্বেই এ সরকার গঠিত হওয়া উচিত।
একই সঙ্গে নেতানিয়াহু কিংবা তার নেতৃত্বাধীন কোনো জোটে যোগ না দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। এক বিবৃতিতে বেনেট বলেন, নেতানিয়াহু যাতে ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হতে না পারেন, তা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তার দল কোনো অবস্থাতেই নেতানিয়াহু বা তার রাজনৈতিক শিবিরের সঙ্গে জোটে যাবে না।
মতামত দিন