ইসরাইলি হামলা ও বাড়িঘর ধ্বংসের প্রতিবাদে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিক্ষোভ
গাজায় আবাসিক ভবন ধ্বংস ও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। গত বছরের যুদ্ধবিরতি অনুযায়ী সেনা প্রত্যাহারের জন্য নির্ধারিত সীমারেখা অতিক্রম করেও এসব হামলা চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে ইসরাইলি হামলা ও বাড়িঘর ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি। আলজাজিরার গাজা প্রতিনিধি মোয়াথ আল-কালহুত গতকাল শনিবার মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখার কাছাকাছি এলাকায় বসবাসকারী বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বিক্ষোভে অংশ নেন। ওই এলাকায় ইসরাইলের বিমান হামলা জোরদার হওয়ায় তারা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন। ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরাইল ও হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকাকে আলাদা করছে এই ‘ইয়েলো লাইন’। দেইর আল-বালাহর মাগাজি পৌরসভার মেয়র মোহাম্মদ মুসলেহ আলজাজিরাকে বলেন, এক মাসেরও কম সময়ে ৫০০টির বেশি আবাসিক ইউনিট ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, ‘এটি এমন একটি পরিকল্পিত নীতির অংশ বলে মনে হচ্ছে, যার লক্ষ্য ধীরে ধীরে মানুষকে বাস্তুচ্যুত করা। বাসিন্দাদের শিবির ছাড়তে বাধ্য করা এবং যত বেশি সম্ভব বাড়িঘর ধ্বংস করাই এর উদ্দেশ্য।’ গাজার গণপূর্ত ও আবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় উপত্যকার ৮০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে। এতে ৩ লাখ ৫০ হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এর মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বন্যায় অস্থায়ী তাঁবুর আবাসনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধে দেওয়া ২০ দফা পরিকল্পনার আওতায় প্রথমবার ‘ইয়েলো লাইন’ নির্ধারণ করা হয়েছিল। এর মাধ্যমে ইসরাইলি বাহিনীকে যে এলাকা পর্যন্ত পিছু হটার কথা ছিল, সেটি চিহ্নিত করা হয়। পরে ধাপে ধাপে আরো সেনা প্রত্যাহারের কথা থাকলেও বাস্তবে ইসরাইলি বাহিনী উল্টো আরো বেশি এলাকা দখল করেছে।
মতামত দিন