গোপালগঞ্জে ফের সহিংসতার শঙ্কা, ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন

এক দিনের লকডাউনকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ক্ষত এখনো শুকায়নি। পুড়ে যাওয়া থানা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং আতঙ্কিত মানুষ—সব মিলিয়ে গোপালগঞ্জে এখনো কাটেনি অস্থিরতার রেশ। এর মধ্যে

এক দিনের লকডাউনকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ক্ষত এখনো শুকায়নি। পুড়ে যাওয়া থানা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং আতঙ্কিত মানুষ—সব মিলিয়ে গোপালগঞ্জে এখনো কাটেনি অস্থিরতার রেশ। এর মধ্যেই নতুন করে বিক্ষোভ, মশাল মিছিল ও টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। পাল্টা অবস্থানের ঘোষণা দিয়েছে বিএনপিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এতে জেলায় বিজিবির মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৫৫ প্লাটুনে। রাজনৈতিক কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার তৎপরতা এবং নিরাপত্তা জোরদার—সব মিলিয়ে আগামী কয়েক দিন নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। শনিবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কয়েকজন গণমাধ্যমকর্মীর কাছে ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুঠোফোনে দৈনিক আমার দেশকে মতিয়ার রহমান হাজরা জানান, ২০ নভেম্বর দোয়া ও প্রার্থনা কর্মসূচির পর ২২ থেকে ২৬ নভেম্বর প্রতিদিন সারা দেশে বিক্ষোভ মিছিল, ২৭ ও ২৮ নভেম্বর মশাল মিছিল এবং ২৯ ও ৩০ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক লকডাউন পালন করা হবে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী এসব কর্মসূচি সারা দেশে পালিত হবে বলেও জানান তিনি। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাত সাড়ে ৭টার দিকে কাশিয়ানী উপজেলার মাজড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সি ফররুখ হোসেন মিন্টুর নেতৃত্বে মিছিলে অংশ নেন দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে আগামীকাল সকালে কাশিয়ানী উপজেলায় বিক্ষোভ মিছিল উপলক্ষে উপজেলাব্যাপী মাইকিং করেছে ছাত্রলীগ। এ ছাড়া রোববার বেলা ১১টায় কেএসপি রুফটপে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, শনিবার দুপুরে মুকসুদপুরে বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড ও সহিংসতার জবাব দিতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপি। সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবেন। দুই দলের এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে গোপালগঞ্জে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে গত ১৯ নভেম্বরের সহিংসতার পর জেলার জনজীবন পুরোপুরি স্বাভাবিক হতে না হতেই নতুন কর্মসূচির ঘোষণা সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗