আগামীকাল শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা, অংশ নেবে ৩৫০ প্রতিষ্ঠান

শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে কথা বলছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিররাজধানীর আগারগাঁওয়ে আগামীকাল রোববার শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। বাংলাদেশ-চীন মৈত্

শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে কথা বলছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিররাজধানীর আগারগাঁওয়ে আগামীকাল রোববার শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত সপ্তাহব্যাপী এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এতে সারা দেশের প্রায় ৩৫০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) অংশ নেবে। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী।আজ শনিবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে।শিল্পমন্ত্রী জানান, আগামীকাল সকাল ৯টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আট শ্রেণিতে আটজনকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি স্টার্টআপ, পরিবেশবান্ধব ব্যবসা ও প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোগও এ পুরস্কার পাবে।মেলায় কী থাকবে মেলায় দেশীয় উদ্যোক্তাদের তৈরি জুতা, চামড়া ও পাটজাত পণ্য, হস্তশিল্প, পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্রসাধনী ও গয়না পাওয়া যাবে।

ফ্যাশন ডিজাইন ও পোশাক খাতের ৯৮টি, জুতা ও চামড়াজাত পণ্যের ৩৭টি, পাটজাত পণ্যের ৩৫টি এবং হস্ত ও কারুশিল্পের ৩৫টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। এ ছাড়া কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্যের ৩০টি এবং হালকা প্রকৌশল পণ্যের ১৬টি প্রতিষ্ঠানও থাকবে।সরকারের ‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগ, এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠানও মেলায় অংশ নেবে। মেলায় বিদেশি বা আমদানি করা পণ্যের প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশে কোনো ফি দিতে হবে না।মেলাতেই ঋণের আবেদন মেলায় ২৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও অংশ নেবে বলে জানিয়েছে আয়োজকেরা। উদ্যোক্তারা এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ঋণের শর্ত ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। ব্যাংক ও উদ্যোক্তা একমত হলে মেলাতেই ঋণের আবেদন করা যাবে।

এ ছাড়া মেলায় প্রতিদিন এসএমই–বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকারদের সঙ্গে উদ্যোক্তাদের ঋণসংযোগের আয়োজন থাকবে।এসএমই ফাউন্ডেশন জানায়, ২৩ ও ২৪ নভেম্বর সম্মেলনকেন্দ্রের উইন্ডি টাউন হলে তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে। আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে এসএমই খাতের উন্নয়ন, তরুণ উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ঋণ ও বিমার মাধ্যমে জলবায়ুঝুঁকি মোকাবিলা এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের পণ্যের বাজার সম্প্রসারণে বড় শিল্পের ভূমিকা।এসএমই ফাউন্ডেশন জানায়, এ পর্যন্ত অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই পণ্য মেলায় প্রায় ৪ হাজার উদ্যোক্তা অংশ নিয়েছেন। তাঁরা ৭২ কোটি টাকার পণ্য বিক্রি করেছেন এবং প্রায় ১০৯ কোটি টাকার পণ্যের ক্রয়াদেশ পেয়েছেন। জাতীয় মেলার পাশাপাশি এসএমই ফাউন্ডেশন প্রতিবছর আঞ্চলিক ও বিভাগীয় পণ্য মেলার আয়োজন করে।মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই ইউনিট রয়েছে। এটি দেশের মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশই এ খাতে। সিএমএসএমই খাতে কর্মরত মানুষের সংখ্যা ৩ কোটি ৬ লাখ।

এই উদ্যোক্তাদের ৭০ শতাংশ ঢাকার বাইরে রয়েছেন। জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩৩ শতাংশ।শিল্পমন্ত্রী আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। এই টাস্কফোর্সের সুপারিশের আলোকে ২০০৫ সালে প্রথম জাতীয় এসএমই নীতি-কৌশল প্রণয়ন করা হয়। ২০০৬ সালে শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗