২০২৭ সালেই শুরু যাত্রা, ৭ ঘণ্টার পথ মাত্র দু’ঘণ্টায়! দেশের প্রথম বুলেট ট্রেনের অন্দরমহলে কী কী চমক?
আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। সবুজ সংকেত মিললেই ২০২৭ সালে ভারতের মাটিতে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। গুজরাটের সুরাট থেকে ভাপি— প্রায় ১০০ কিলোমিটার পথে শুরু হতে চলেছে এই হাই-স্পিড রেল পরিষেবা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিয়েছেন, গোটা ৫০৮ কিলোমিটারের মুম্বই-আহমেদাবাদ করিডোর একবারে চালু হচ্ছে না। ধাপে ধাপে যাত্রা শুরু করবে এই বুলেট ট্রেন। ইতিমধ্যেই ২০ নভেম্বর সুরাট-বিলিমোরা শাখার ৫০ কিলোমিটার পথে ওভারহেড ইলেকট্রিক লাইনে বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন হয়েছে। ভ্রমণপিপাসুদের জন্য নিঃসন্দেহে এটি এক বড় সুখবর। ছবি: সংগৃহীত প্রথম সফর সুরাট থেকে ভাপি শুরুতে সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত ৫০ কিলোমিটার পথে ট্রেন চালানোর পরিকল্পনা ছিল।
পরে যাত্রীদের সুবিধার্থে তা বাড়িয়ে ভাপি পর্যন্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে সুরাট, বিলিমোরা এবং ভাপি— এই তিনটি স্টেশনের মধ্যে চলবে বুলেট ট্রেন। ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (এনএইচএসআরসিএল) এই বিশাল কর্মযজ্ঞ সামলাচ্ছে। গোটা প্রকল্পটি শেষ হলে মুম্বই, থানে, ভিরার, বইসর, ভাপি, বিলিমোরা, সুরাট, ভারুচ, ভদোদরা, আনন্দ, আহমেদাবাদ এবং সবরমতী— মোট ১২টি স্টেশনে থামবে এই দ্রুতগতির ট্রেন। দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘বি২৮’ এই প্রকল্পের সবচেয়ে বড় চমক হল ট্রেনের কোচ। জাপানের শিনকানসেন নয়, ভারতের প্রথম বুলেট ট্রেন তৈরি হচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। বেঙ্গালুরুতে বিইএমএল (BEML)-এর কারখানায় তৈরি হচ্ছে এই ট্রেন, যার নাম দেওয়া হয়েছে ‘বি২৮’। আট কামরার এই ট্রেনে একসঙ্গে প্রায় ৫৫৭ জন যাত্রী সফর করতে পারবেন।
২০২ মিটার লম্বা এই ট্রেনে থাকছে সাতটি স্ট্যান্ডার্ড এবং একটি এগজিকিউটিভ ক্লাস কোচ। যাত্রীদের আরামের কথা মাথায় রেখে থাকছে ঘোরানো যায় এমন হেলান দেওয়া আসন, চওড়া জানালা, ইনফোটেইনমেন্ট ব্যবস্থা এবং চার্জিং পয়েন্ট। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। বাতাসের বাধা কাটিয়ে ঝড়ের গতিতে ছোটার জন্য ট্রেনটির নকশায় অ্যারোডাইনামিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ছবি: সংগৃহীত ট্রায়াল রান কবে? বি২৮ ট্রেনটি পরীক্ষামূলকভাবে ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। তবে বাণিজ্যিকভাবে এটি ঘণ্টায় ২৪৯ কিলোমিটার গতিতে চালানো হবে। গোটা মুম্বই-আহমেদাবাদ করিডোরটি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির উপযোগী করে তৈরি হচ্ছে।
মুম্বই থেকে আহমেদাবাদ পৌঁছাতে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা ৫৮ মিনিট। এখন সড়কপথে এই দূরত্ব পেরোতে ৭ থেকে ৮ ঘণ্টা সময় লেগে যায়। ২০২৭ সালের মে-জুন মাস নাগাদ ট্র্যাকের উপর এই ট্রেনের চূড়ান্ত ট্রায়াল রান শুরু হওয়ার কথা। ভ্রমণে নয়া দিগন্ত ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পের ৪৫৬ কিলোমিটার পিলার এবং ৩৭১ কিলোমিটার ভায়াডাক্ট তৈরির কাজ শেষ হয়েছে। আটটি স্টেশনের মূল কাঠামোর কাজও সম্পূর্ণ। সুরাটের বস্ত্র ও হিরে শিল্প এবং ভাপির শিল্পাঞ্চলের মধ্যে এই দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা ব্যবসার পাশাপাশি পর্যটনেও নতুন জোয়ার আনবে। বিলিমোরার মতো শহরও জুড়ে যাবে হাই-স্পিড রেলের মানচিত্রে। ভ্রমণপিপাসুদের কাছে এখন মাটিতে চাকা গড়ানোর অপেক্ষা মাত্র।
মতামত দিন