জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থীতায় বাধা যুক্তরাজ্য-ফ্রান্স
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কূটনীতিক লানা নুসেইবেহর প্রার্থিতায় কার্যত ভেটো দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স—এমন ধারণা করা হচ্ছে। সুদানে চলমান যুদ্ধে আমিরাতের সম্পৃক্ততা নিয়ে বিতর্কের জেরে দেশ দুটির এমন অবস্থান বলে মনে করা হচ্ছে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নবম দফার অনানুষ্ঠানিক ভোটেও কোনো প্রার্থী চূড়ান্তভাবে এগিয়ে যেতে পারেননি। তবে ভোটের ফলাফলে সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। তিনি পেয়েছেন ১০টি সমর্থনসূচক ভোট। কিন্তু নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন) মধ্যে দুটি দেশের বিরোধিতার কারণে তার নির্বাচিত হওয়ার পথ এখনো নিশ্চিত নয়।
জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের স্থলাভিষিক্ত নির্বাচনপ্রক্রিয়া ইতোমধ্যে ১০০ দিনের বেশি সময় ধরে চলছে, যা সংস্থাটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ নির্বাচনপ্রক্রিয়া। গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। আগামী সপ্তাহে আবারও ভোট হওয়ার কথা রয়েছে। গ্রিনস্প্যান স্থায়ী সদস্যদের বিরোধিতা কাটিয়ে উঠতে পারলে জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী মহাসচিব হওয়ার সুযোগ পাবেন তিনি। তাকে বিরোধিতা করা দেশ দুটি যুক্তরাষ্ট্র ও রাশিয়া বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ ভোটে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি।
তিনি পেয়েছেন আটটি সমর্থনসূচক ভোট। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে তিনটি ভোট তার বিপক্ষে গেছে। অন্যদিকে, নির্বাচনি দৌড়ে শেষ মুহূর্তে যুক্ত হওয়া আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ পেয়েছেন সাতটি সমর্থনসূচক ভোট। তবে স্থায়ী সদস্যদের তিনটি ভোট তার বিপক্ষে পড়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমর্থন থাকলেও যুক্তরাজ্য, ফ্রান্স ও চীনের বিরোধিতার কারণে তার প্রার্থিতা বড় ধরনের সংকটে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা। নুসেইবেহর প্রার্থিতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা রয়েছে।
এর অন্যতম কারণ সুদানের ভয়াবহ সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের কথিত ভূমিকা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে পাঠানো এক চিঠিতে দেশটির প্রায় ৭০ জন সংসদ সদস্য নুসেইবেহকে ‘বিশ্বাসযোগ্য প্রার্থী নন’ বলে উল্লেখ করেন। তাদের অভিযোগ, সুদানে সংঘটিত নৃশংসতার সঙ্গে আমিরাতের সম্পৃক্ততা নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের একাধিক প্রতিবেদনের তথ্য তিনি বারবার অস্বীকার ও খাটো করে দেখিয়েছেন।
মতামত দিন