নড়াইলের কালিয়ার বাড়িঘরে আগুনের ভিডিও, কী জানা যাচ্ছে
বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলার কয়েকটি গ্রামের অনেক বাড়িঘরে আগুন দাবি করে বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, শুক্রবার সন্ধ্যার পর থেকে তাদের অনেকের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটলেও, সামাজিক মাধ্যমে অতিরঞ্জিত দাবি করা হচ্ছে। যাদের বাড়িতে হামলা হয়েছে, তাদের মধ্যে নড়াইলের কালিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক এমপি ও উপজেলার সাবেক চেয়ারম্যানের বাড়িঘরও রয়েছে।
অন্যদিকে সেখানকার বিএনপি দলীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলছেন, এমন কোনো ঘটনাই ঘটেনি। "এগুলো কিছু ঘটেনি। ওই যে এআই বলে না? ফেসবুকে যা দেখছেন সব এআই দিয়ে বানানো," বিবিসি বাংলাকে বলেছেন তিনি।
তবে কালিয়া থানা পুলিশ জানিয়েছে, বিএনপির দুজন নেতাকে হত্যার ঘটনায় তাদের স্বজনরা বিক্ষুব্ধ জনতা ৪/৫টি বাড়িতে আগুন দিয়েছে আর ১৫/১৬টি বাড়ি ভাংচুর করেছে। "এর বাইরে আর যা শুনছেন সবই অতিরঞ্জিত ও অসত্য," বলেছেন কালিয়া থানার পরিদর্শক প্রদীপ মালাকার। ওদিকে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, "সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে মর্মে তথ্য প্রচার হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট"।
স্থানীয় ফায়ার সার্ভিস অবশ্য বলেছে, বেন্দারচরে বেশ কিছু বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে, তবে অধিকাংশ জায়গাতেই আগুন নিজ থেকেই নিভে গেছে।
মতামত দিন