মিয়ানমারের গণহত্যা থেকে বেঁচে ফেরা রোহিঙ্গাদের ভয়াবহ অভিজ্ঞতা
মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো সামরিক অভিযানের ভয়াবহতা থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছিলেন ৭ লাখের বেশি মানুষ। তাদের অনেকের চোখের সামনে স্বজনদের হত্যা করা হয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, নারীরা যৌন সহিংসতার শিকার হয়েছেন। প্রাণ বাঁচাতে কেউ জঙ্গল, পাহাড় ও নদী পেরিয়ে বাংলাদেশে এসেছেন; কেউ আবার পালানোর পথে হারিয়েছেন পরিবারের সদস্যদের। সেই ভয়াবহ অভিজ্ঞতার প্রায় এক দশক পরও তাদের অনেকেই কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাস করছেন। সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে ঐতিহাসিক রায় দেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে তাদের বেঁচে থাকার সংগ্রাম ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে রোহিঙ্গা বেঁচে ফেরা কয়েকজনের অভিজ্ঞতা তুলে ধরেছেন সাংবাদিক কায়মিল আহমেদ।
তাদের বর্ণনায় উঠে এসেছে, কীভাবে পাশের গ্রাম থেকে ওঠা ধোঁয়া হয়ে উঠেছিল আসন্ন হত্যাযজ্ঞের সংকেত, কীভাবে রক্তে লাল হয়ে যাওয়া নদী পেরিয়ে তারা আশ্রয়ের খোঁজে বাংলাদেশে এসেছিলেন। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের সময় রোহিঙ্গাদের কাছে পাশের গ্রাম থেকে ওঠা ধোঁয়া ছিল বিপদের সংকেত। দূর থেকে ধোঁয়া দেখা গেলে তারা বুঝতে পারতেন, পাশের গ্রামে হামলা হয়েছে, এবার তাঁদের গ্রামেও হামলা হতে পারে। কোথাও নদীতে ভেসে আসত লাশ। সেগুলো উদ্ধার করে দ্রুত দাফনের ব্যবস্থা করার পরই প্রাণ বাঁচাতে পালিয়ে যেতেন মানুষ। মিয়ানমার থেকে পালানোর সময় তাদের পাড়ি দিতে হয়েছে ঘন জঙ্গল, পাহাড় ও নদী।
এর মধ্যে ছিল বর্ষার প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া। প্রাণ বাঁচানোর এই দীর্ঘ যাত্রার অভিজ্ঞতাও রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ হিসেবে বিবেচনায় নিয়েছে আইসিজে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রোহিঙ্গারা কেবল জাতিগত নিধনের শিকার হননি; পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময়ও তাদের হত্যা করা হয়েছে। এর মধ্য দিয়ে মিয়ানমারের উদ্দেশ্য ছিল একটি জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের ধ্বংস করা। ২০১৭ সালের সেই অভিযানে সংগঠিত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন করে দেওয়ার ঘটনা থেকে বেঁচে যাওয়া মানুষ বাংলাদেশে আশ্রয় নেন। তাদের অনেকেই এসেছিলেন রাখাইনের তুলা তোলি ও আশপাশের এলাকা থেকে।
তুলা তোলিতে হাজার হাজার মানুষকে একত্র করে হত্যা এবং গণকবরে পুঁতে ফেলার ঘটনা ঘটেছিল। অন্য অনেক গ্রামে পুরুষদের ধরে নিয়ে হত্যা করে নিরাপত্তা বাহিনী। অনেক রোহিঙ্গা নিজ গ্রামের হামলা থেকে পালিয়ে অন্য গ্রামে আশ্রয় নিয়েও স্বজনদের হত্যার দৃশ্য দেখেছেন। শেষ পর্যন্ত তাদের অনেকেই প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসেন। তাদের সংখ্যা দাঁড়ায় সাত লাখের বেশি।
মতামত দিন