২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা মামদানির
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার কমপ্লেক্স পুরোপুরি বন্ধের পরিকল্পনা প্রকাশ করেছেন মেয়র জোহরান মামদানি। নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০৩২ সালের শেষ নাগাদ বর্তমান কারাগারটিতে বন্দি রাখার কার্যক্রম বন্ধ করে সেখানে থাকা সব বন্দিকে শহরের চারটি বরোতে নির্মিত ছোট ও আধুনিক কারাগারে স্থানান্তর করা হবে। শুক্রবার প্রকাশিত এই পরিকল্পনাকে মামদানি প্রশাসন রাইকার্স আইল্যান্ড বন্ধে শহরের প্রথম পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা হিসেবে উল্লেখ করেছে। এতে কারাগার বন্ধের পাশাপাশি বিচার-পূর্ব আটক কমানো, মামলার দীর্ঘসূত্রতা দূর করা, কারা বিভাগের আধুনিকায়ন এবং অপরাধীদের পুনর্বাসনে বিনিয়োগের কথা বলা হয়েছে। এক বিবৃতিতে মামদানি বলেন, ‘রাইকার্স আইল্যান্ড বন্ধ করার সময় এসেছে।
কয়েক দশক ধরে নিউইয়র্কবাসী নিরাপদ ও মানবিক কারাব্যবস্থার দাবি জানিয়ে আসছেন। এই পরিকল্পনা সেই লক্ষ্য অর্জনের পথ তৈরি করবে। এর মাধ্যমে রাইকার্স বন্ধ, বিচার-পূর্ব আটক কমানো, দ্রুত বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন করা মামলার জট দূর করা এবং কারাবন্দিত্বের চক্র ভাঙতে কার্যকর সহায়তা কর্মসূচিতে ১৪ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগ করা হবে।’ তবে পরিকল্পনাটি বাস্তবায়নে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কারণ, নিউইয়র্ক সিটি কাউন্সিলের ২০১৯ সালের আইনে ২০২৭ সালের ৩১ আগস্টের মধ্যে রাইকার্স আইল্যান্ড বন্ধের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। নতুন সময়সীমা কার্যকর করতে সিটি কাউন্সিলকে আইন সংশোধন করে অনুমোদন দিতে হবে।
মেয়র এককভাবে এ সময়সীমা পরিবর্তন করতে পারবেন না। ২০১৯ সালে তৎকালীন মেয়র বিল ডি ব্লাজিওর স্বাক্ষরে কার্যকর হওয়া আইনে রাইকার্স আইল্যান্ডের পরিবর্তে ব্রুকলিন, ব্রঙ্কস, কুইন্স ও ম্যানহাটনে চারটি ছোট ও আধুনিক কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু নির্মাণকাজে বিলম্ব এবং ২০২০ সালের পর থেকে নিউইয়র্কের কারাগারগুলোতে বন্দির সংখ্যা বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে রাইকার্স বন্ধ করা সম্ভব হচ্ছে না। মামদানি প্রশাসনের পরিকল্পনায় বলা হয়েছে, ব্রুকলিনের নতুন কারাগারটি ২০২৯ সালে চালু হওয়ার কথা। এরপর ২০৩১ সালে ব্রঙ্কস ও কুইন্সের কারাগার এবং ২০৩২ সালে ম্যানহাটনের কারাগার চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চারটি কারাগারে মোট প্রায় ৪ হাজার ৫০০টি শয্যা থাকবে। অথচ নভেম্বরের শুরুতে রাইকার্স আইল্যান্ডসহ নিউইয়র্কের কারাগারগুলোতে প্রায় ৬ হাজার ৬০০ মানুষ আটক ছিলেন। ফলে নতুন কারাগারগুলোর ধারণক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রাখতে বন্দির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো জরুরি হয়ে পড়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালে ব্রুকলিনের কারাগার চালুর সময় বন্দির সংখ্যা সর্বোচ্চ ৫ হাজার ৫০০-তে নামিয়ে আনা হবে। ২০৩২ সালের শেষ নাগাদ তা কমিয়ে ৪ হাজার ১০০ বা তার নিচে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মতামত দিন