অক্টোবর-নভেম্বরেই কেন বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়

২০০৭ সালের ১৫ নভেম্বর। প্রায় দুই দশক আগে বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলীয় অঞ্চলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর। ঘণ্টায় ২২৩ কিলোমিটার বেগে আঘাত হানা এই ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ১৫ থেকে ২০

২০০৭ সালের ১৫ নভেম্বর। প্রায় দুই দশক আগে বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলীয় অঞ্চলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর। ঘণ্টায় ২২৩ কিলোমিটার বেগে আঘাত হানা এই ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। প্রবল বাতাস ও জলোচ্ছ্বাসে বহু মানুষের প্রাণহানি ঘটে। অসংখ্য মানুষ ও গবাদিপশু ক্ষতিগ্রস্ত হয়। রেডক্রসের হিসাবে, এই ঝড়ে ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। তবে সরকারি হিসাবে প্রাণহানির সংখ্যা ছিল ৬ হাজার। এর আগে ১৯৭০ সালের ১২ নভেম্বর বাংলাদেশের উপকূলে আঘাত হানে ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড়।

ঘণ্টায় ২২৪ কিলোমিটার বেগে আঘাত হানা এই ঝড়ে প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়। আর ২০১৯ সালের ১০ নভেম্বর বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। এতে প্রাণহানি তুলনামূলক কম হলেও উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই তিনটি ঘূর্ণিঝড় ছাড়াও বাংলাদেশ ও ভারতের উপকূলে নিয়মিত আঘাত হানছে বিভিন্ন ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিশ্লেষণ করে আবহাওয়াবিদেরা বলছেন, বাংলাদেশে সাধারণত এপ্রিল-মে এবং অক্টোবর-নভেম্বর—এই দুই সময়ে বেশি ঘূর্ণিঝড় আঘাত হানে। তবে পরিসংখ্যান অনুযায়ী, বছরের অন্যান্য মাসের তুলনায় অক্টোবর ও নভেম্বর মাসে এই উপকূলে ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি। আবহাওয়াবিদদের মতে, অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরের পানির তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূলে থাকে। এ সময় সাগরে পর্যাপ্ত জলীয়বাষ্প ও গভীর উষ্ণ পানি থাকায় ঘূর্ণিঝড় শক্তি পায়।

এ কারণে এই দুই মাসে বঙ্গোপসাগর উপকূলে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবণতা বেশি থাকে। এপ্রিল-মে মাসেও প্রায় একই কারণে বছরের অন্য সময়ের তুলনায় বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। চলতি নভেম্বরের শুরুতেও বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মুরাসু ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছিল। বর্তমানে বঙ্গোপসাগরে আরেকটি প্রবল ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করা হয় ১৯৭০ সালের ঘূর্ণিঝড়কে। ওই বছরের ১২ নভেম্বর আঘাত হানা ঝড়টি বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে ভোলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। একের পর এক জনপদ মাটির সঙ্গে মিশে যায়। তীব্র জলোচ্ছ্বাসে ভেসে যান হাজার হাজার মানুষ।

তাদের অনেকেরই পরে আর খোঁজ পাওয়া যায়নি। গত দুই দশকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করা হলেও এর আগে এমন প্রচলন ছিল না। ভোলায় আঘাত হানা ওই সামুদ্রিক ঝড় ‘দ্য গ্রেট ভোলা সাইক্লোন’ নামে পরিচিতি পায়। বিশ্ব আবহাওয়া সংস্থা এটিকে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করেছিল। ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২৪ কিলোমিটার। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ১০ থেকে ৩৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছিল। ভোলা ঘূর্ণিঝড়ে কত মানুষের মৃত্যু হয়েছিল, তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। ধারণা করা হয়, ওই ঝড়ে তিন থেকে পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়েছিল।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗