সুস্থ কর্মপরিবেশই প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম ভিত্তি

কর্মক্ষেত্র শুধু জীবিকা অর্জনের জায়গা নয়; মানুষের জীবনের একটি বড় অংশ কাটে এখানেই। প্রতিদিনের কাজ, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আচরণ, কাজের চাপ, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, নির

কর্মক্ষেত্র শুধু জীবিকা অর্জনের জায়গা নয়; মানুষের জীবনের একটি বড় অংশ কাটে এখানেই। প্রতিদিনের কাজ, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আচরণ, কাজের চাপ, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, নিরাপত্তা এবং স্বীকৃতি—সবকিছু মিলিয়ে গড়ে ওঠে একটি কর্মপরিবেশ। এই পরিবেশ যদি নিরাপদ, সম্মানজনক, অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতাপূর্ণ হয়, তাহলে কর্মীরা শুধু ভালোভাবে কাজই করেন না, বরং প্রতিষ্ঠানের প্রতি তাদের দায়বদ্ধতা ও আস্থাও বাড়ে। অন্যদিকে, কর্মক্ষেত্রে অপমান, বৈষম্য, অতিরিক্ত কাজের চাপ, অনিশ্চয়তা, হয়রানি কিংবা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা দীর্ঘমেয়াদে কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। এর প্রভাব ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না; প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা, কর্মী ধরে রাখার সক্ষমতা, সেবার মান এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমেও পড়ে। তাই সুস্থ কর্মপরিবেশকে এখন আর কেবল মানবসম্পদ বিভাগের একটি আনুষ্ঠানিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, দক্ষতা ও সাফল্যের অন্যতম ভিত্তি।

সুস্থ কর্মপরিবেশের গুরুত্ব অপরিসীম। কর্মীদের মানসিক স্বাস্থ্য, কাজের প্রতি আগ্রহ, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং উৎপাদনশীলতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর প্রকাশিত মেন্টাল হেলথ অ্যাট ওয়ার্ক শীর্ষক তথ্যে বলা হয়েছে, ২০২৩ সালে কর্মক্ষম বয়সী মানুষের মধ্যে প্রতি ছয়জনে প্রায় একজন কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন। বিষণ্নতা ও উদ্বেগের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রতিবছর প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের উৎপাদনশীলতা হারাতে হয়। এ ছাড়া এসব সমস্যার কারণে প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ১ হাজার ২০০ কোটি কর্মদিবস নষ্ট হয়। ডব্লিউএইচওর বিশ্লেষণে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিষয় হিসেবে অতিরিক্ত কাজের চাপ, কর্মীর তুলনায় কম জনবল, দীর্ঘ কর্মঘণ্টা, সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতার অভাব, চাকরির অনিশ্চয়তা, বৈষম্য, হয়রানি, সহকর্মীদের অসহযোগিতা এবং কর্তৃত্ববাদী ব্যবস্থাপনার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, কর্মীর মানসিক স্বাস্থ্যের অবনতি সব সময় ব্যক্তিগত সমস্যার কারণে হয় না; অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের নীতি, সংস্কৃতি ও ব্যবস্থাপনাও এর জন্য দায়ী।

বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপের স্টেট অব দ্য গ্লোবাল ওয়ার্কপ্লেস ২০২৬ প্রতিবেদনেও কর্মক্ষেত্রের একটি উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে মাত্র ২০ শতাংশ কর্মী তাদের কাজে সম্পৃক্ত বা সক্রিয়ভাবে আগ্রহী ছিলেন। অর্থাৎ, প্রতি পাঁচজন কর্মীর মধ্যে মাত্র একজন কর্মক্ষেত্রের সঙ্গে যথেষ্ট সম্পৃক্ততা অনুভব করেছেন। একই সময়ে কর্মীদের সামগ্রিক সুস্থতার সূচক ছিল ৩৪ শতাংশ। আগের তিন বছরের মধ্যে এই প্রথম সূচকটিতে কিছুটা উন্নতি দেখা গেলেও কর্মীদের মধ্যে মানসিক চাপ, রাগ ও দুঃখের প্রবণতা মহামারির আগের সময়ের তুলনায় বেশি ছিল। এই পরিসংখ্যান একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনে—কর্মীরা কি শুধু নির্ধারিত দায়িত্ব পালন করছেন, নাকি তারা সত্যিকার অর্থে নিজেদের প্রতিষ্ঠানের অংশ মনে করছেন? কারণ কাজে উপস্থিত থাকা আর কাজের প্রতি মানসিকভাবে সম্পৃক্ত থাকা এক বিষয় নয়।

একজন কর্মী নিয়মিত অফিসে আসতে পারেন, নির্ধারিত কাজও শেষ করতে পারেন; কিন্তু প্রতিষ্ঠানের প্রতি আস্থা, আগ্রহ ও আত্মিক সংযোগ না থাকলে তার কাজের মান এবং সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের (এপিএ) ২০২৪ সালের ওয়ার্ক ইন আমেরিকা জরিপে কর্মক্ষেত্রে মনস্তাত্ত্বিক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরা হয়েছে। জরিপে দেখা যায়, কর্মদিবসে সাধারণত মানসিক চাপ বা উদ্বেগ অনুভব করেন ৪৩ শতাংশ কর্মী। যেসব কর্মী তাদের কর্মক্ষেত্রে মনস্তাত্ত্বিক নিরাপত্তার অভাব অনুভব করেন, তাদের ক্ষেত্রে এই হার বেড়ে ৬১ শতাংশে পৌঁছায়। জরিপে অংশগ্রহণকারীদের ১৫ শতাংশ তাদের কর্মপরিবেশকে কিছুটা বা অত্যন্ত বিষাক্ত বলেও বর্ণনা করেছেন। মনস্তাত্ত্বিক নিরাপত্তা বলতে এমন একটি কর্মপরিবেশকে বোঝায়, যেখানে কর্মীরা ভুল স্বীকার করতে, নতুন ধারণা দিতে, প্রশ্ন করতে কিংবা কোনো সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করতে ভয় পান না। সেখানে ভিন্নমত প্রকাশ করলেই অপমানিত হওয়া, পদোন্নতি হারানো কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার বিরাগভাজন হওয়ার আশঙ্কা থাকে না।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗