খিলগাঁওয়ে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় ডেকে নিয়ে মোস্তফা (২২) নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোরে একটি ওয়ার্কশপের ভেতরে তাকে মারধর করা হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তফা খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম নেয়ামত আলী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে মোস্তফাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় বোন জুলেখার অভিযোগ, ভোর ৩টার দিকে মোস্তফার বন্ধু হৃদয় তাকে ডেকে নাগদারপাড় এলাকার ওই ওয়ার্কশপে নিয়ে যান। পরে ওয়ার্কশপের ভেতরে হোসেন ও তার লোকজন ইউনুস, খানসহ অজ্ঞাতনামা চার-পাঁচজন মিলে মোস্তফাকে মারধর ও ছুরিকাঘাত করেন। একপর্যায়ে তার মৃত্যু হয়। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জুলেখা বলেন, পাঁচ-ছয় বছর আগে হোসেনের সঙ্গে তাদের পরিবারের বিরোধ হয়।
ওই সময় হোসেন তার লোকজন নিয়ে পরিবারের সদস্যদের মারধর করেন এবং তাদের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলা এখনো চলছে। তারা নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। বিরোধের কারণ উল্লেখ করে তিনি বলেন, মাছ চাষের জন্য তারা একটি ডোবা কিনেছিলেন। কিন্তু হোসেন তাদের ওই ডোবা থেকে মাছ ধরতে দেননি। এ নিয়ে বিরোধের সূত্রপাত হয়।
পরে এ ঘটনায় মামলা হয়। জুলেখার অভিযোগ, তার ভাই সহজ-সরল প্রকৃতির ছিলেন। হোসেন ও তার লোকজন পরিকল্পিতভাবে লোক দিয়ে ডেকে নিয়ে তাকে হত্যা করেছেন। হোসেন ছাড়া তাদের পরিবারের আর কোনো শত্রু নেই বলেও দাবি করেন তিনি।
মতামত দিন