পাগলা মসজিদে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, গণনা চলছেই
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর খোলা হয়েছে। এতে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে শনিবার সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এখন চলছে টাকা গণনার কাজ। গণনা শেষে জানা যাবে মোট দানের পরিমাণ। এবারও আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। দানবাক্স থেকে বের করা টাকা প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে গণনার কাজে অংশ নেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক ব্যক্তি। এর আগে গত ২৭ জুন ছয় মাস পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন পাওয়া যায় ৪৩ বস্তা টাকা।
দিনভর গণনা শেষে দানের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। পাশাপাশি পাওয়া যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। সেটিই ছিল মসজিদের দানবাক্স থেকে পাওয়া সর্বোচ্চ দানের রেকর্ড। সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে দানের পরিমাণ বাড়তে থাকায় নতুন করে আরো তিনটি দানবাক্স যুক্ত করা হয়েছে। এ কারণে এবার নির্ধারিত সময়ের চেয়ে বেশি, ৪ মাস ২৪ দিন পর দানবাক্স খোলা হয়।
প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এ মসজিদে দান করতে আসেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এখানে দান করলে মনোবাসনা পূর্ণ হয়। টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণালঙ্কার, হাঁস-মুরগি, গবাদিপশু ও বিভিন্ন সামগ্রীও দান করেন অনেকে। এসব দান থেকে পাওয়া অর্থ মসজিদ, মাদরাসা, এতিমখানা ও বিভিন্ সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।
মতামত দিন