কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা

চৌদ্দ বছরের বকেয়া বেতন, জ্যেষ্ঠতাসহ নানা দাবিতে ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর আন্দোলন ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চরম অস্থিরতা দেখা দিয়েছে। দাবি আদায়ে আন্দোলনের ধারাবাহিকতায় গত রোববার থেকে ক্যাম্পাসে

চৌদ্দ বছরের বকেয়া বেতন, জ্যেষ্ঠতাসহ নানা দাবিতে ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর আন্দোলন ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চরম অস্থিরতা দেখা দিয়েছে। দাবি আদায়ে আন্দোলনের ধারাবাহিকতায় গত রোববার থেকে ক্যাম্পাসে বিক্ষোভ, অবস্থান এবং সোমবার উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সিন্ডিকেটে তিন দিন অফিস বন্ধ ঘোষণা, ঘটনাটি তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি গঠন এবং আন্দোলনকারী ২২ কর্মকর্তাসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরো জটিল রূপ নেয়। সূত্রমতে, মামলার আসামি কর্মকর্তারা গ্রেপ্তারের পাশাপাশি নানা শঙ্কায় রয়েছেন। এ অবস্থায় হাইকোর্ট থেকে জামিন নেওয়ার উদ্যোগ এবং দাবি আদায়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। আগামীকাল রোববার ক্যাম্পাসে ফ্যাসিবাদবিরোধী সমাবেশের মধ্য দিয়ে এসব দাবি তুলে ধরা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.

এ এস এম আমানুল্লাহ গতকাল শুক্রবার আমার দেশকে জানান, সমাধানে কাজ চলছে। চেষ্টা করছে সরকার। আশা করি, সরকার একটা সিদ্ধান্তের দিকে যাবে। বকেয়া বেতন ও অন্যান্য দাবি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা তিনটি প্রমোশনসহ বহু উদ্যোগ নিয়েছি। এখন সরকারের সিদ্ধান্তের বিষয়। কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, এটি অন্য জায়গা থেকে করা হয়েছে।

মামলা কোনো বিষয় নয়, বিষয়টি আমি দেখব। জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পান। পরে নিয়োগের বৈধতা নিয়ে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০১২ সালে আওয়ামী সরকারের সময় তাদের চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই আর হতাশার পর চব্বিশের বিপ্লব-পরবর্তী ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিতদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য এবং ওই সময়ের সিনিয়রিটি অক্ষুণ্ণ রাখার কথা বলা হয়। চাকরিচ্যুতদের ভোগান্তি ও মানবিক দিক বিবেচনায় তাদের সুযোগ-সুবিধার বিষয় নির্ধারণের ক্ষমতাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়। এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সিন্ডিকেটের জরুরি সভায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল ও তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার বিষয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আইনি প্রক্রিয়া এগিয়ে যায় এবং আপিল বিভাগের রায়ে তাদের পুনর্বহালের পথ সুগম হয়। সুযোগ পেয়ে ৮৭৬ কর্মকর্তা-কর্মচারী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তবে পুনর্বহালের পর সিনিয়রিটি, পদোন্নতি ও অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাদের দাবি, আদালতের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় দীর্ঘ ১৪ বছরের বঞ্চনার অবসান ঘটছে না। এ অবস্থায় রায়ের আলোকে চাকরির ধারাবাহিকতা, সিনিয়রিটি, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ করার দাবিতে আন্দোলনে নামেন ভুক্তভোগীরা।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗