সশস্ত্র বাহিনী দিবস আজ
আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে নেওয়া হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি। শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সেনাকুঞ্জে আয়োজন এবং জনসাধারণের জন্য নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের সুযোগ থাকছে। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ঢাকা ক্যান্টনমেন্টে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আলাদাভাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন।
সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি শুরু হবে আজ শনিবার ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। মোনাজাতে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানঘাঁটির মসজিদে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি কামনা করা হবে। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হবে। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীপ্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে বাহিনী প্রধানরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। এ সময় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকেল চারটায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্টজন ও বিদেশি কূটনীতিকরা অংশ নেবেন। এছাড়া বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
ঢাকার বাইরে সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত জাহাজগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। আজ বেলা ২টা থেকে বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এসব জাহাজ নিকটবর্তী ঘাটে নোঙর করা থাকবে। সশস্ত্র বাহিনী দিবসের বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে। এই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে উজ্জীবিত করে।
মতামত দিন