খ্রিষ্টানদের ছাড়িয়ে আগামী এক দশকেই বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলিমরা
২০৭০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানরা আর সংখ্যাগরিষ্ঠ থাকবে না। দেশটির মোট জনসংখ্যায় খ্রিষ্টানদের অনুপাত কমে ৫০ শতাংশের নিচে নেমে আসতে পারে। বিপরীতে বাড়বে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক গবেষণায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, প্রজন্মগত পরিবর্তন এবং ধর্মীয় পরিচয় ত্যাগের প্রবণতা এ পরিবর্তনের প্রধান কারণ। একই সময়ে বিশ্বের অন্যান্য অঞ্চলেও ধর্মীয় জনগোষ্ঠীর অনুপাতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
গবেষণা অনুযায়ী, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৬৪ শতাংশ ছিল খ্রিষ্টান। ২০৭০ সালে এই হার কমে ৪৭ দশমিক ৮ শতাংশে নেমে আসতে পারে। অর্থাৎ, দেশটিতে খ্রিষ্টানদের অনুপাত অর্ধেকের নিচে চলে যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা দ্রুত বাড়বে। ২০২০ সালে দেশটির মোট জনসংখ্যার ২৯ দশমিক ৭ শতাংশ ছিল ধর্মীয় পরিচয়হীন। ২০৭০ সালে এ হার বেড়ে ৪১ দশমিক ৩ শতাংশ হতে পারে।
মুসলিমদের অনুপাতও বাড়ার পূর্বাভাস দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১ দশমিক ২ শতাংশ ছিল মুসলিম। ২০৭০ সালে তা বেড়ে ৩ দশমিক ৭ শতাংশ হতে পারে। একই সময়ে হিন্দুদের অনুপাত শূন্য দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ২ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বৌদ্ধদের অনুপাত ১ দশমিক ৩ শতাংশ থেকে কমে ১ দশমিক ১ শতাংশ হতে পারে। ইহুদিদের অনুপাতও ২০২০ সালের ১ দশমিক ৭ শতাংশ থেকে কমে ২০৭০ সালে ১ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে।
যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানদের অনুপাত কমে যাওয়ার কারণ হিসেবে প্রজন্মগত পরিবর্তন ও ধর্মীয় পরিচয় পরিবর্তনের বিষয়টি উল্লেখ করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ড্যানিয়েল শ্যাটজ। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইককে তিনি বলেন, বয়স্ক প্রজন্মের তুলনায় তরুণ মার্কিনিদের মধ্যে ধর্মীয় পরিচয়হীন হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার প্রবণতা অনেক বেশি। খ্রিষ্টধর্ম ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা নতুন করে এই ধর্ম গ্রহণকারীদের চেয়ে বেশি। তার মতে, অভিবাসন খ্রিষ্টানদের সংখ্যা কমার এই প্রবণতা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে। তবে শুধু অভিবাসনের মাধ্যমে এই পরিবর্তন উল্টে দেওয়া সম্ভব হবে না।
মতামত দিন