খেলার মাঠের জায়গায় পুকুর, জরাজীর্ণ কক্ষে পাঠদান

ফরিদপুরের সদরপুর উপজেলার ৯২ নম্বর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোগত সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম ও শিশুদের স্বাভাবিক বিকাশ। শ্রেণিকক্ষ সংকটে পরিত্যক্ত ভবনের জরাজীর্ণ দুটি কক্ষ

ফরিদপুরের সদরপুর উপজেলার ৯২ নম্বর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোগত সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম ও শিশুদের স্বাভাবিক বিকাশ। শ্রেণিকক্ষ সংকটে পরিত্যক্ত ভবনের জরাজীর্ণ দুটি কক্ষ সংস্কার করে চলছে পাঠদান। পাশাপাশি মাঠের জায়গায় পুকুর থাকায় খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এতে পানিতে পড়ে যাওয়ার নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১১৩ শিক্ষার্থীর জন্য মূল ভবনে রয়েছে মাত্র দুটি কক্ষ। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানে দুটি কক্ষ পর্যাপ্ত না হওয়ায় পরিত্যক্ত ভবনের দুটি কক্ষ শিক্ষকরা নিজ খরচে সংস্কার করে ব্যবহার করছেন।

ফলে মোট চারটি কক্ষে পালাক্রমে বা সমন্বয় করে শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছে। তবে ভবনগুলো পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় পাঠদান নিয়ে উদ্বিগ্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সদরপুর উপজেলার শ্যামপুর গ্রামে অবস্থিত বিদ্যালয়টি ১৯৮৮ সালে ৫০ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দীর্ঘ সময় পার হলেও নতুন ভবন নির্মাণ বা প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সীমিত জমিতে ভবন ও পুকুর থাকায় খেলার মাঠের জায়গা নিয়েও সংকট তৈরি হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবর্ণা আক্তার বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে নিয়ে পাঠদান করতে গিয়ে শ্রেণিকক্ষের সংকটে পড়তে হচ্ছে।

বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনের দুটি কক্ষ সংস্কার করে ক্লাস নেওয়া হচ্ছে। পাশাপাশি মাঠ না থাকায় শিশুরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সহকারী শিক্ষক জেসমিন আক্তার বলেন, খেলার মাঠের জায়গায় পুকুর থাকায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। তেমনি পুকুরের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম জানান, ১১৩ শিক্ষার্থীর পাঠদানের জন্য দুটি কক্ষ একেবারেই অপ্রতুল। তাই বিকল্প হিসেবে পরিত্যক্ত কক্ষগুলো সংস্কার করে পাঠদান চালিয়ে নেওয়া হচ্ছে।

সরকারিভাবে নতুন ভবন নির্মাণ ও মাঠের ব্যবস্থা হলে পাঠদানের পরিবেশ স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান বলেন, বিদ্যালয়টির শ্রেণিকক্ষ সংকট ও পুকুরের কারণে সৃষ্ট ঝুঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত বরাদ্দ ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗