মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে মাছ ধরার ট্রলারে তোলা ৭২ জন নারী, পুরুষ ও শিশুকে টানা আট দিন সাগরে ভাসিয়ে রাখে মানবপাচারকারী চক্র। পরে ট্রলারের মাঝিমাল্লা ও পাচারকারীদের

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে মাছ ধরার ট্রলারে তোলা ৭২ জন নারী, পুরুষ ও শিশুকে টানা আট দিন সাগরে ভাসিয়ে রাখে মানবপাচারকারী চক্র। পরে ট্রলারের মাঝিমাল্লা ও পাচারকারীদের মধ্যে বিরোধ দেখা দিলে যাত্রীদের কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে পালিয়ে যান তারা। শুক্রবার রাতে এ ঘটনায় নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়াদের মধ্যে একজন শিশু, দুজন নারী ও ২৫ জন পুরুষ রয়েছেন। ট্রলারে থাকা অন্য যাত্রীরা বিভিন্ন দিকে চলে গেছেন বলে জানিয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তিরা। ভুক্তভোগীদের অভিযোগ, মালয়েশিয়া নেওয়ার কথা বলে তাদের ট্রলারে তোলা হয়েছিল।

কিন্তু মাঝপথে পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধ শুরু হয়। একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টে তীরে ভিড়িয়ে দিয়ে তারা পালিয়ে যান। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে যাত্রীদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তোলা হয়। এরপর থেকে ৭২ জন ওই ট্রলারে অবস্থান করছিলেন। তাদের মধ্যে নারী ও শিশুও ছিলেন। উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, ১২ নভেম্বর ছোট নৌকায় করে তাদের সাগরে থাকা বড় ট্রলারে নেওয়া হয়।

এরপর কয়েকদিন সাগরে ভাসমান অবস্থায় থাকতে হয়। এ সময় ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও কথা-কাটাকাটি শুরু হয়। ইলিয়াস বলেন, একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টের কাছে এনে তীরে ভেড়ানো হয়। পরে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত নেমে পালিয়ে যান। ওই সময় ট্রলারে থাকা দুজনকে আটকে রেখে বেঁধে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ট্রলারে মোট ৭২ জন ছিলেন।

তাদের মধ্যে পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে। বাকিরা ট্রলার থেকে নেমে বিভিন্ন দিকে চলে যান। এদিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আব্দুল আমিনের (৪১) বিরুদ্ধে মানবপাচার, অপহরণ ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗