আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন
আফগানিস্তানে তেল, গ্যাস, ধাতু, কাঁচামাল এবং অন্যান্য প্রাকৃতিক খনিজ পদার্থের মূল্য তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি, অর্থাৎ ২৮০ লাখ কোটি টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে। আফগানিস্তান দীর্ঘদিন ধরে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একদেশ হিসাবে পরিচিত। যদিও দেশটির তার যুদ্ধপরবর্তী অর্থনৈতিক দুর্বলতা এখনো কাটিয়ে উঠতে পারিনি বলেই মনে করা হয়। এই প্রাকৃতিক সম্পদের একটা বড় অংশ এখনো মাটির নিচে রয়েছে এবং তা উত্তোলনের কাজ শুরু হয়নি। এই প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারগুলোর পরিমাণ কত এবং তার মূল্যই বা কত সে সম্পর্কে বিভিন্ন ধারণা রয়েছে।
আফগানিস্তানের খনিজ পদার্থের ভাণ্ডার এবং প্রাকৃতিক সম্পদের মূল্য সহজ ভাষায় বুঝতে গেলে এভাবে বলা যেতে পারে যে, সে দেশে যদি তিন ট্রিলিয়ন ডলার (তিন লক্ষ কোটি) মূল্যের সম্পদ থাকে এবং সরকারের বার্ষিক সাধারণ বাজেট ও উন্নয়ন খাতে ধার্য বাজেট যদি প্রায় ১০ বিলিয়ন (এক হাজার কোটি) ডলার হয়, তাহলে প্রায় ৩০০ বছর সে দেশের কোনোরকম বৈদেশিক সাহায্যের প্রয়োজনই পড়বে না। আফগানিস্তানের খনিজ পদার্থের ভাণ্ডার এবং প্রাকৃতিক সম্পদ সম্পর্কে একটা স্পষ্ট চিত্র এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বোঝার চেষ্টা করা হয়েছে সে দেশের কোন প্রদেশ কোন সম্পদে সমৃদ্ধ, তার পরিমাণ কত এবং সরকারের তরফে নির্ধারিত আনুষ্ঠানিক মূল্যই বা কত। আফগানিস্তানের খনিজ সম্পদ নিয়ে প্রথম বড় আকারের গবেষণা পরিচালনা করা হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তরফে। অভিযান চলাকালীন সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি করা হয়।
শিলা ও ভূগর্ভস্থ স্তরের মূল্যায়ন, আকাশপথে জরিপ এবং খনিজ সম্পদের ভাণ্ডার খোঁজার কাজ হয়েছিল। এই গবেষণামূলক নথিগুলোর মধ্যে কিছু নথি আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের গ্রন্থাগারে সংরক্ষণ করা আছে। আর কিছু নথি সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। তবে তারপরও আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদ নিয়ে গবেষণা ও খোঁজের কাজ অব্যাহত ছিল। উদাহরণ স্বরূপ ২০০৭ সালেও আফগানিস্তানে এই নিয়ে সমীক্ষা চালানো হয়।
তারপর আফগানিস্তান জিওলজিকাল সার্ভে (আফগানিস্তানের ভূতাত্ত্বিক জরিপ) এবং ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (মার্কিন ভূতাত্ত্বিক জরিপ) হয়েছিল ২০১১ সালে। সমীক্ষার ভিত্তিতে আফগানিস্তানে সোনা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম, সীসা, দস্তা, টিন, টাংস্টেন এবং পারদের ভাণ্ডার শনাক্ত করা হয়েছে। পাশাপাশি আফগানিস্তানে তেল ও প্রাকৃতিক গ্যাসও মজুদ রয়েছে। প্রতিবেদনটি তৈরির সময়েও আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের নথি ও তথ্য পর্যালোচনা করা হয়েছে।
মতামত দিন