এসএমই খাতে ব্যাংকের ৩৫% বিনিয়োগ চান গভর্নর

আগামী বছরের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিনিয়োগের ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে এবং ২০ শতাংশ রিটেইল বা খুচরা ব্যাংকিং খাতে করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. ম

আগামী বছরের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিনিয়োগের ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে এবং ২০ শতাংশ রিটেইল বা খুচরা ব্যাংকিং খাতে করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।একই সঙ্গে করপোরেট খাতে ব্যাংকের বিনিয়োগের অংশ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনার ওপর জোর দেন তিনি। গভর্নর বলেন, ভবিষ্যতে করপোরেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের অর্থ পুঁজিবাজার থেকে সংগ্রহ করা উচিত।চলতি ২০২৬–২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি–মার্চ) মুদ্রানীতি সামনে রেখে মতবিনিময় সভায় গভর্নর মোস্তাকুর রহমান এসব কথা বলেন। আজ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় ব্যবসায়ীনেতারা উৎপাদন ব্যয় কমাতে ঋণের সুদহার কমানোর পরামর্শ দেন। ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার দাবিও করেন তাঁরা।তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বলেন, ব্যবসায়ীরা খরচ বৃদ্ধির চাপ সামাল দিতে পারেন।

কিন্তু অনিশ্চয়তা সামাল দিতে পারেন না। তাঁর মতে, গত কয়েক বছরে করোনা মহামারি, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানিসংকট সৃষ্টি হয়েছে। এতে উৎপাদন ব্যয় অনেক বেড়েছে।চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা বলেন, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল না হলে বিদেশি বিনিয়োগ আসবে না। এ ক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তিনি।মূল্যস্ফীতি নিয়ে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, দাম কমাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে হবে। বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ এ ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

চলতি অর্থবছরেই প্রণোদনার অর্থ ছাড়ে জোর দেন তিনি।চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি এ এম মাহবুব চৌধুরীর প্রশ্নের জবাবে গভর্নর বলেন, যে রপ্তানি আয় এখনো দেশে আসেনি, তা আনতে বিদেশে বাংলাদেশের দূতাবাস ও বিভিন্ন সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে। পাচার হওয়া অর্থ ফেরাতেও কাজ চলছে। এর মধ্যে একাধিক দেশে বিভিন্ন ব্যক্তির সম্পদ শনাক্ত করে জব্দ করা হয়েছে। এসব সম্পদ দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।মুদ্রানীতি প্রণয়নের সময়সূচি নিয়ে গভর্নর জানান, মুদ্রানীতি আরও কার্যকর করতে সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শে প্রতি তিন মাসে মুদ্রানীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া।

উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান ও মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদ। মুদ্রানীতির বিভিন্ন উপকরণ ও সেগুলোর কার্যকারিতা নিয়ে উপস্থাপনা দেন ওই বিভাগের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার।সভায় চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ তাছলিম উদ্দীন, ফিন্যান্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন ও মার্কেটিং বিভাগের অধ্যাপক তুনাজ্জিনা সুলতানা, বিকেএমইএর সহসভাপতি গাওহার সিরাজ জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗