রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ এখন কী করবে?
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে মিয়ানমার। আন্তর্জাতিক বিচার আদালত এই রায় দেওয়ার পর, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশ কী করতে পারে, এই প্রশ্ন উঠছে এখন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরার ক্ষেত্রে এই রায় কতটা কাজে আসবে, এই আলোচনাও হচ্ছে।
প্রায় ১০ বছর ধরে বারো লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে রেখেছে বাংলাদেশ। যা দেশটির জন্য একটি বড় মাথাব্যথার কারণ। দেশি-বিদেশি নানা ফোরামে বিভিন্ন সময় তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর আলোচনা হলেও প্রত্যাবাসন প্রক্রিয়া খুব একটা এগোয়নি।
এবার হেগের আন্তর্জাতিক বিচার আদালতের রায় কি সেই স্থবিরতা ভাঙতে পারবে, নাকি রায়টি কেবল একটি নৈতিক স্বীকৃতি হয়েই থাকবে? এই রায়কে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলছেন, আন্তর্জাতিক আদালতের রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তার মতে, আইসিজে'র রায়ের মধ্য দিয়ে সমস্যাটি কেবল রোহিঙ্গা কিংবা বাংলাদেশের নয়, এটি এখন আন্তর্জাতিক গোষ্ঠীর দায়ে পরিণত হয়েছে।
মতামত দিন