রোহিঙ্গা গণহত্যার রায়ে যে প্রতিক্রিয়া মিয়ানমারের

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রীয় মদতে গণহত্যা চালানোর অভিযোগ প্রমাণিত হয়েছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রীয় মদতে গণহত্যা চালানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে আদালতের এ সিদ্ধান্তকে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার। শুক্রবার রাজধানী নেপিডোতে এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আদালতের রায় সর্বসম্মত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশকে অন্যায্যভাবে অভিযুক্ত করা হয়েছে। আমি বলতে চাই, এই সিদ্ধান্ত সবার সর্বসম্মত সিদ্ধান্ত নয়। এটি ন্যায়সংগত হয়নি।’ গত ১৯ নভেম্বর দেওয়া আইসিজের এ রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি হলোকাস্টের পর এ নিয়ে চতুর্থবার কোনো আন্তর্জাতিক আদালত গণহত্যা প্রমাণের আইনি মানদণ্ড পূরণ হওয়ার সিদ্ধান্তে পৌঁছাল। আদালতের বিচারকেরা বলেছেন, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের ব্যাপকভাবে হত্যা করা হয়। নারীদের ওপর সংঘটিত হয় ধর্ষণ ও যৌন সহিংসতা। এ ছাড়া শত শত রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে দেওয়া হয় কিংবা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। রায়ে বলা হয়েছে, এসব অপরাধের জন্য মিয়ানমারকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে।

ক্ষতিপূরণের পরিমাণ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। পাশাপাশি মিয়ানমারের ‘অন্যায় কর্মকাণ্ডের’ কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন আদালত। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে দীর্ঘদিন ধরেই নিপীড়নের শিকার রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী। বর্তমানে দেশটির সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যে তাদের নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। অন্যদিকে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা ঘনবসতিপূর্ণ শরণার্থীশিবিরে মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। রায়ের পর বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া হাজারো রোহিঙ্গা উচ্ছ্বাস প্রকাশ করেন।

তবে কবে নাগাদ তারা নিজ দেশে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্টতা নেই। আইসিজে রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিচার করে। আদালতের রায় চূড়ান্ত হলেও তা বাস্তবায়নে বাধ্য করার ক্ষমতা সীমিত। ফলে মিয়ানমারের ওপর রায় কার্যকরের চাপ কীভাবে প্রয়োগ করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗