থানায় অভিষেক, বাইরে BJP-TMC স্লোগান-সংঘাত! পুলিশের ভূমিকা নিয়ে সরব কুণাল
কলকাতা: পুলিশের পাঠানো নোটিস মেনে শুক্রবার গিরিশ পার্ক থানায় হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর থানায় পৌঁছনোকে ঘিরেই উত্তেজনা ছড়াল থানা চত্বরে। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান থেকে শুরু করে ধস্তাধস্তির অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, বিজেপি কর্মীদের জমায়েত থেকেই অশান্তির সূত্রপাত। এমনকি তৃণমূলের মহিলা কর্মীদেরও হেনস্থা করা হয়েছে বলে দাবি তাঁর। ঘটনার পর সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন কুণাল।
সেখানে থানার বাইরে জমায়েত এবং উত্তেজনার ছবি দেখা যায়। পোস্টে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কুণালের বক্তব্য, পুলিশি নোটিস মেনেই অভিষেক থানায় গিয়েছিলেন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য আগেই পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল। তা সত্ত্বেও থানার সামনে বিজেপি কর্মীদের জমায়েত ও বিক্ষোভ কীভাবে চলল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা। মহিলা কর্মীদের হেনস্থার অভিযোগ কুণালের অভিযোগ, থানার বাইরে বিজেপি কর্মীরা তৃণমূলের মহিলা কর্মীদের দিকে তেড়ে যান। তাঁদের মারধরের হুমকি দিয়ে স্লোগান দেওয়া হয় বলেও দাবি করেছেন তিনি।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ যথেষ্ট দ্রুত পদক্ষেপ করেনি বলে অভিযোগ কুণালের। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির বক্তব্য সামনে আসেনি। কোন মামলায় থানায় হাজিরা অভিষেকের? গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিষেক। সরকার পরিবর্তন হলে কয়েক জন পুলিশ আধিকারিককে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওই মন্তব্যের পর ৩১ অক্টোবর এক মহিলা গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা শুরু হয়।
তদন্তের প্রয়োজনে অভিষেককে থানায় হাজিরার নোটিস পাঠায় পুলিশ। শুক্রবার, ২০ নভেম্বর দুপুর ১টার মধ্যে তাঁকে হাজির হতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনেই এদিন থানায় পৌঁছন তিনি। তবে তাঁর হাজিরাকে ঘিরে রাজনৈতিক সংঘাত নতুন করে উত্তেজনা ছড়াল কলকাতার গিরিশ পার্ক এলাকায়। ‘ধুরন্ধর’-এর অসুস্থ দাউদ নন, এখনও সক্রিয় ডন! করাচির আস্তানা নিয়ে বিস্ফোরক প্রাক্তন FBI কর্তা ক্রিকেটের আঙিনায় ধর্মের রং! নিউজিল্যান্ড টেস্ট থেকে সিরাজকে বাদ দেওয়া নিয়ে বিস্ফোরক কংগ্রেস সাংসদ
মতামত দিন