ভাত খেয়েও ছিপছিপে থাকা সম্ভব! আপনার চালেই লুকিয়ে ওজন কমানোর রহস্য

ওজন কমানোর কথা ভাবলেই প্রথমে ভাতের সঙ্গে দূরত্ব বাড়ান অনেকে। দুপুরের পাতে ভাতের পরিমাণ কমিয়ে দেন, কেউ কেউ আবার একেবারেই বাদ দেন এই পরিচিত খাবার। কিন্তু ওজন ঝরাতে গিয়ে ভাত ছাড়ার প্রয়োজন নেই। কিছ

ওজন কমানোর কথা ভাবলেই প্রথমে ভাতের সঙ্গে দূরত্ব বাড়ান অনেকে। দুপুরের পাতে ভাতের পরিমাণ কমিয়ে দেন, কেউ কেউ আবার একেবারেই বাদ দেন এই পরিচিত খাবার। কিন্তু ওজন ঝরাতে গিয়ে ভাত ছাড়ার প্রয়োজন নেই। কিছু গবেষণায় দাবি করা হয়েছে, সাদা চালের বদলে ব্রাউন রাইস বা বাদামি চাল খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। পুষ্টিগুণে সমৃদ্ধ এই চাল দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে পারে। ফলে ঘন ঘন খিদে পাওয়া বা খাবারের ফাঁকে অকারণে মুখ চালানোর প্রবণতাও কমতে পারে।

গবেষণায় দেখা গেছে, সাদা চালের তুলনায় ব্রাউন রাইসে ডায়েটরি ফাইবার বা খাদ্যতন্তুর পরিমাণ অনেক বেশি। এই খাদ্যতন্তু হজমের প্রক্রিয়াকে ধীর করে। ফলে খাবার খাওয়ার পর অনেকক্ষণ পেট ভর্তি থাকে। বারবার খিদে পাওয়ার প্রবণতা কমায় অতিরিক্ত খাবার খাওয়ার ইচ্ছাও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। আর দিনের শেষে ক্যালরি গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা ওজন কমানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাউন রাইস।

ছবি: সংগৃহীত পুষ্টিগুণে এগিয়ে বাদামি চাল সাদা চাল ও ব্রাউন রাইসের মূল পার্থক্য লুকিয়ে রয়েছে চাল তৈরির প্রক্রিয়ায়। সাদা চাল পালিশ করার সময় ধানের বাইরের পুষ্টিসমৃদ্ধ স্তর বাদ পড়ে যায়। অন্যদিকে ব্রাউন রাইসে এই স্তরগুলি অক্ষত থাকে। ফলে এতে খাদ্যতন্তুর পাশাপাশি বিভিন্ন ভিটামিন, খনিজ এবং অ্যান্টি-অক্সিডেন্টও বেশি পরিমাণে পাওয়া যায়। অর্থাৎ, শুধু পেট ভরানো নয়, শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগাতেও সাহায্য করে এই চাল। শুধু চাল বদলালেই কমবে না ওজন তবে ব্রাউন রাইস খেলেই যে ওজন কমবে, এমন ধারণা ঠিক নয়।

পুষ্টিবিদদের পরামর্শ, শুধু চাল বদলালে হবে না, গোটা খাবারের তালিকাতেও নজর দিতে হবে। ভাতের সঙ্গে ডাল, সবুজ শাকসবজি, টাটকা স্যালাড এবং পর্যাপ্ত প্রোটিন রাখতে হবে। পাশাপাশি কতটা পরিমাণে খাচ্ছেন, সেদিকেও খেয়াল রাখা জরুরি। ওজন নিয়ন্ত্রণে খাবারের পাশাপাশি প্রয়োজন নিয়মিত শরীরচর্চা এবং পর্যাপ্ত ঘুম। তাই ভাতকে একেবারে বাদ না দিয়ে সঠিক চাল বেছে নেওয়া, পরিমিত খাওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলাই হতে পারে ওজন কমানোর সবচেয়ে ভালো উপায়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗