ভোটার তালিকা সংশোধনের নামে সংখ্যালঘুদের টার্গেট করছে ভারত
ভারতে ভোটার তালিকা সংশোধনের নামে ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের, লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। সংস্থাটির দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পর অনেক মুসলিম নাগরিককে ‘বিদেশি’ আখ্যা দিয়ে অবৈধভাবে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউএসসিআইআরএফের চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, ‘ভারত সরকার ভোটার তালিকা থেকে মুসলিম নাগরিকদের নাম বাদ দিয়ে তাঁদের বিদেশি হিসেবে চিহ্নিত করছে।
এখন তাঁদের অবৈধভাবে দেশ থেকেও বের করে দেওয়া হচ্ছে।’ ভারতে সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের সময় প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। মেক্সিকোর মোট জনসংখ্যার কাছাকাছি এই সংখ্যা দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে সবচেয়ে বড় আকারের নাম বাদ দেওয়ার ঘটনা। প্রকাশিত তথ্য অনুযায়ী, এই সংশোধনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমরা।
মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও বঞ্চনামূলক নীতির প্রবণতা বেড়েছে। তবে ভারতের নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে মৃত, স্থানান্তরিত, একাধিকবার নিবন্ধিত এবং ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হয়েছে। ভুলবশত কারও নাম বাদ পড়লে তিনি আপিলের সুযোগ পাবেন বলেও জানিয়েছে কমিশন।
তবে ভোটার তালিকা সংশোধনের বিষয়টি ভারতে অবৈধ অভিবাসী শনাক্ত ও বহিষ্কারের পৃথক উদ্যোগের সঙ্গে জড়িয়ে পড়েছে। অথচ ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়া মানেই তিনি বিদেশি নাগরিক—এমন প্রমাণ প্রতিষ্ঠিত হয় না। ইউএসসিআইআরএফের কমিশনার জিন মিলস বলেন, ‘শুধু মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারত সরকারের নিজ দেশের নাগরিকদের বহিষ্কার করা সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার কৌশলে ভয়াবহ মাত্রা যোগ করেছে।’ এ পরিস্থিতিতে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মতামত দিন