বাণিজ্য বাধা কমানো ও আঞ্চলিক যোগাযোগ জোরদারে এপেকে ঐকমত্য
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক যোগাযোগ জোরদার, বাণিজ্য ও বিনিয়োগের প্রাতিষ্ঠানিক বাধা কমানো এবং পরিবহন ব্যবস্থায় প্রযুক্তিগত উদ্ভাবন বাড়ানোর আহ্বান জানিয়েছেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) নেতারা। চীনের শেনজেনে দুই দিনের শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার প্রকাশিত একাধিক বিবৃতিতে এসব বিষয়ে ঐকমত্যের কথা জানানো হয়। সম্মেলনে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতিতে সদস্য দেশগুলোর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনজেনে বুধবার শুরু হয় এপেকের ৩৩তম সম্মেলন।
‘সমৃদ্ধির জন্য একসঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গড়ে তোলা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই সম্মেলনে আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ‘এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্ট’ বা যোগাযোগ-সংক্রান্ত রূপরেখায় বলা হয়েছে, বিদ্যমান এপেক কাঠামো ও উদ্যোগগুলোর মাধ্যমে সদস্য অর্থনীতিগুলোর মধ্যে সম্পর্ক আরও গভীর করতে হবে। নথিতে বলা হয়, আঞ্চলিক যোগাযোগব্যবস্থা শক্তিশালী হলে পণ্য, সেবা, পুঁজি ও মানুষের চলাচল সহজ হবে। এর ফলে অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি একটি উন্মুক্ত, গতিশীল, স্থিতিশীল ও শান্তিপূর্ণ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন সহজ হবে।
এতে আঞ্চলিক সহযোগিতার দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা হিসেবে এপেকের ‘পুত্রাজায়া ভিশন ২০৪০’-এর প্রতিও সদস্যদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। যোগাযোগের রূপরেখায় স্থল, সমুদ্র ও আকাশপথের পরিবহন নেটওয়ার্ক আরো উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পণ্য ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নিরাপদ ও কার্যকর সামুদ্রিক, বিমান এবং বিভিন্ন পরিবহনমাধ্যমের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। পরিবহন খাতে উদ্ভাবন ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও একমত হয়েছেন নেতারা।
এ ক্ষেত্রে স্বয়ংক্রিয় ও চালকবিহীন প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং সুরক্ষা নিশ্চিত করে এসব ব্যবস্থার সম্ভাবনা যাচাই করার কথা বলা হয়েছে।
মতামত দিন