দক্ষিণ এশিয়ায় প্রথমবার ঢাকায় আইএইউপির সম্মেলন আয়োজন করছে ডিআইইউ

উচ্চশিক্ষা নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি)-এর সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ শুক্রবার ঢাক

উচ্চশিক্ষা নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি)-এর সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ শুক্রবার ঢাকার বনানীর শেরাটনে অনুষ্ঠিত হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলন দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা খাত বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় নেতৃত্বের সঙ্গে সংযোগ স্থাপন এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের এক গুরুত্বপূর্ণ সুযোগ লাভ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক মি. আলেকজান্ডার এ.

মেজিয়া। এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আইদিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি)-এর ট্রেজারার ইলেক্ট (২০২৭–২০৩০) ড. মো. সবুর খান। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ, উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারক ও শীর্ষ নেতৃত্বস্থানীয় ব্যক্তিসহ দুই শতাধিক সম্মানিত অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের শিক্ষা ও দক্ষতার ওপর। বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের শিক্ষা ও যোগ্যতায় গড়ে তুলতে আমাদের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে। আজকের এই সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্বকে একত্রিত করেছে, যা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, জ্ঞানচর্চা এবং বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, ‘শিক্ষার্থীদের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ক্লাস, গবেষণা, বিনিময় কর্মসূচি ও শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রকল্পের সুযোগ বাড়াতে চাই আমরা।

এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার পাশাপাশি নিজেদের গবেষণা ও উদ্ভাবনী কাজ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাবেন।’ তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতার সুফল যেন শিক্ষার্থী ও অভিভাবকরা সরাসরি পান, সেটিই আমাদের লক্ষ্য। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির জন্যও এ আয়োজন আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে।’ দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো আইএইউপির এই গুরুত্বপূর্ণ আয়োজনের স্বাগতিক আয়োজক হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরার দায়িত্ব পালন করছে। একই সঙ্গে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর কার্যকর যোগাযোগ ও সহযোগিতার সেতুবন্ধ তৈরিতে কাজ করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই আয়োজন বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দেশকে আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহযোগিতার একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার নতুন সুযোগ তৈরি করবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗