ইরান ওপর মার্কিন অবরোধে বাড়ছে জাহাজের বিমা ব্যয়
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজের বিমা ব্যয় বাড়ছে। এমন পরিস্থিতি নিয়ে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের নিজস্ব একটি সামুদ্রিক সংস্থা। ওয়াশিংটনের অবরোধের বিরূপ প্রভাব নিয়ে সংস্থাটির অভ্যন্তরীণ একটি স্মারকলিপিতে উদ্বেগের কথা উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (মারাড) এক সতর্কবার্তায় স্বীকার করে, ইরান যুদ্ধের কারণে জাহাজের বিমা প্রিমিয়াম বেড়েছে এবং পণ্য পরিবহনের সক্ষমতা কমেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অবরোধ ভাঙার চেষ্টার অভিযোগে পানামার পতাকাবাহী একটি বাল্ক কার্গো জাহাজ অচল করে দেওয়ার ঘোষণা দেওয়ার পর এই সতর্কবার্তা দেওয়া হয়।
গত ১২ অক্টোবর মারাডের প্রশাসক স্টিফেন এম কারমেল তাঁর অধস্তন এক কর্মকর্তার সঙ্গে সতর্কবার্তাটি শেয়ার করেন। এর আগে সেন্টকম ‘ওশান মলিকা’ নামের জাহাজটিতে হামলা চালিয়ে সেটি অচল করে দেয়। একই সময়ে হরমুজ প্রণালি ও এর আশপাশে আরো তিনটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। এসব হামলার জন্য কারা দায়ী, তা স্পষ্ট করা হয়নি। ‘অ্যালার্ট—হরমুজ ঝুঁকি প্রণালির বাইরেও ছড়িয়ে পড়ছে’ শিরোনামের ওই স্মারকলিপিতে বলা হয়, ‘কেন এটি গুরুত্বপূর্ণ: আগের সতর্কবার্তার তুলনায় পরিস্থিতি অনেক বেশি গুরুতর হয়েছে।
এখন বাণিজ্যিক জাহাজগুলো উভয় পক্ষের সামরিক হামলার ঝুঁকিতে রয়েছে। এই হুমকি উপসাগরীয় অঞ্চলের জাহাজ নোঙর করার স্থান এবং ওমান উপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।’ স্মারকলিপিতে আরো বলা হয়, এর ফলে যুদ্ধঝুঁকির বিমা প্রিমিয়াম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি নাবিকদের জাহাজে কাজ করতে অস্বীকৃতি জানানোর ঘটনা বাড়তে পারে। এতে কার্যত তেলবাহী জাহাজের পরিবহন সক্ষমতাও কমে যেতে পারে। কারমেল মারাডের সামুদ্রিক বিমা দপ্তরের কর্মকর্তা মাইকেল ইয়ারিংটনকে একটি ই-মেইলে সতর্কবার্তাটি পাঠান।
এতে তিনি হামলার কারণে বিমা প্রিমিয়ামে কী ধরনের প্রভাব পড়েছে, সে বিষয়ে তথ্য চান। একই সঙ্গে যুদ্ধঝুঁকির বিমাব্যবস্থা ‘পুনর্গঠন’ করতে সংস্থাটির নেওয়া উদ্যোগের অগ্রগতি সম্পর্কেও জানতে চান। তবে সতর্কবার্তাটি মারাডের ভেতর থেকে তৈরি হয়েছিল, নাকি অন্য কোনো সরকারি সংস্থা থেকে এসেছিল, তা স্পষ্ট নয়। ই-মেইলে কারমেল ইয়ারিংটনকে লেখেন, ‘এসব ঘটনার পর বিমাবাজার কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে?’
মতামত দিন