গণহত্যার ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের পুনর্বাসনে আইসিজে’র রায় মিয়ানমারকে মানতে হবে: ইইউ
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় অবিলম্বে ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত মেনে চলা কোনো দেশের জন্য ঐচ্ছিক বিষয় নয়; এটি আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা। গত বৃহস্পতিবার আইসিজের রায় ঘোষণার পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক দপ্তর (ইইএএস) এক বিবৃতিতে এ অবস্থান জানায়। বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে এবং বিশ্বজুড়ে দায়মুক্তির সংস্কৃতি বন্ধে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
বাস্তুচ্যুতি ও সহিংসতাসহ দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা যে ভয়াবহ দুর্ভোগের মধ্য দিয়ে গেছে, তা ভুলে যাওয়ার সুযোগ নেই। আদালতের এ ঐতিহাসিক রায় ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার গুরুত্ব তুলে ধরেছে। ইইউর বিবৃতিতে আরো বলা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করা দীর্ঘদিন ধরে সংস্থাটির অন্যতম দাবি। সংকটের টেকসই সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অপরাধীদের জবাবদিহির আওতায় আনা অত্যন্ত জরুরি।
ইউরোপীয় ইউনিয়ন বলেছে, আন্তর্জাতিক বিচার আদালতের রায় অনুযায়ী মিয়ানমারকে কোনো বিলম্ব ছাড়াই সব নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে গণহত্যার ফলে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে দেশটির। আদালতের নির্দেশনায় ক্ষতিপূরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারমূলক প্রতিকার বা রেস্টিটিউশন নিশ্চিত করার বিষয়টিও রয়েছে। যেসব ক্ষতি পুনরুদ্ধারমূলক ব্যবস্থার মাধ্যমে পূরণ করা সম্ভব হবে না, সেসব ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
ইইউর বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত মেনে চলা ঐচ্ছিক নয়; আন্তর্জাতিক আইনের অধীনে এটি একটি বাধ্যবাধকতা।’ সংস্থাটি আরো বলেছে, বিভিন্ন দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে যখন নানা ধরনের হুমকি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা বাড়ছে, তখন আইসিজের স্বাধীনতা, কর্তৃত্ব ও ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মতামত দিন